ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় নীতিমালা লঙ্ঘন করে গোপনে কম টাকায় একটি খাসপুকুর ইজারা দেওয়ায় গত বুধবার ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও অফিস সহকারীকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।
ইউএনও সাদেকুল ইসলাম জানান, তদন্তে নীতিমালা লঙ্ঘন করে পুকুর ইজারা দেওয়ার প্রমাণ পাওয়ায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় একই পদে দায়িত্বরত সাইদুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি কারণ দর্শানোর কোনো চিঠিও পাননি বলে জানান। অবশ্য অফিস সহকারী মুনতাজ আলী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
এলাকাবাসীর অভিযোগ ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার নরদাশ ইউনিয়নের গোড়সার গ্রামের ১২ বিঘা আয়তনে একটি খাসপুকুর ২৯ বছর ধরে সরকার ইজারা দিয়ে আসছে। বিধি অনুযায়ী, রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওর যৌথ অনুমোদনে পুকুরটি ইজারা দেওয়া হয়। তবে গত বছরের নভেম্বর মাসে পাঁচজনকে সহ-অংশীদার সাজিয়ে পুকুরটি ইজারা দেওয়া হয়েছে। পরে তাঁরা পুকুরটি দখল করতে গেলে ঘটনা প্রকাশ পায়।
নরদাস ইউপির চেয়ারম্যান আবদুর রশিদ জানান, যাঁদের নামে পুকুর ইজারা দেওয়া হয়েছে, তাঁদের কেউই সহ-অংশীদার নন। অনিয়ম করে তাঁদের পুকুর দেওয়া হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা বাগমারার ইউএনও জানান, ভুয়া অংশীদার সাজিয়ে পুকুরটি ইজারা দেওয়া হয়েছে। ইজারার আগে কোনো প্রচারণা চালানো হয়নি এবং ইজারার ক্ষেত্রে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওর অনুমোদন নেওয়া হয়নি।
তবে রিয়াজ উদ্দিন, রমজান আলী, শমসের আলী, মোনাজের ও সেকেন্দার আলী দাবি করেন, পুকুরে পাশে তাঁদের জমি রয়েছে। কিন্তু কীভাবে পুকুর ইজারা নিলেন, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তাঁরা।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাজশাহীর বিভাগীয় কমিশনার অনিয়মের সঙ্গে জড়িত ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দপ্তরের সহকারী কমিশনার আবু ওয়াদুদ স্বাক্ষরিত ১৪ আগস্টের এ-সংক্রান্ত একটি চিঠি বাগমারার ইউএনওকে দেওয়া হয়েছে।