ভূমি কর্মকর্তাকে মারধরের ঘটনায় চেয়ারম্যান গ্রেপ্তার
যশোরে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তাকে (তহশিলদার) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার রাতে আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কর্মকর্তা বিষ্ণুপদ মল্লিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি চেয়ারম্যান আনিসুর রহমানসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রিমোহিনী ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনিসুর রহমান সম্প্রতি চাঁদড়া গ্রামের নিজ বাড়ির সীমানাপ্রাচীর তৈরি করছিলেন। প্রাচীরটি বাড়ির পাশে গ্রামীণ রাস্তার ওপরে পড়ায় এলাকার লোকজন ইউনিয়ন ভূমি কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে গত রোববার ভূমি কার্যলয়ের সহকারী কর্মকর্তা বিষ্ণুপদ মল্লিক ও অফিস সহকারী বায়েজিদ হোসেন প্রাচীর নির্মাণ না করার জন্য চেয়ারম্যানকে অনুরোধ জানান। গত সোমবার সকালে প্রাচীর নির্মাণের কাজ চলছিল। বিষ্ণুপদ আবারও সেখানকার নির্মাণকাজ বন্ধ করতে বলেন। দুপুরের দিকে চেয়ারম্যান আনিসুর রহমান ও তাঁর ভাতিজা ইউপি সদস্য জুয়েল হোসেনসহ দুটি মোটরসাইকেলে করে ৫-৬ জন সাতবাড়িয়া ভূমি কার্যালয়ে যান। তাঁরা বিষ্ণুপদ মল্লিককে লাঠি দিয়ে বেধড়ক পেটান। এ সময় চেয়ারম্যান আনিসুর রহমান মোটরসাইকেলের চাবি বিষ্ণুপদের কানে ঢুকিয়ে দেন। স্থানীয় লোকজন ও ভূমি কার্যালয়ের কর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন বিষ্ণুপদ মল্লিক বলেন, ‘চেয়ারম্যান আনিসুর রহমান প্রথমে গালিগালাজ শুরু করেন। এরপর বলেন, “আমার তৈরি করা প্রাচীরে বাধা দেওয়ার তুই কে? প্রতি মাসে দুইবার দেখা করে ৫০ হাজার টাকা করে চাঁদা দেওয়ার কথা ছিল তাও দিসনি।” এসব কথা বলে আমার কানের ভেতরে মোটরসাইকেলের চাবি ঢুকিয়ে দেন। তাঁর সঙ্গের লোকজন লাঠি দিয়ে মারধর করে ও অফিসের কাগজপত্র তছনছ করে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ওই ভূমি কর্মকর্তার কানে জখম হয়েছে। তাঁকে কানের চিকিৎসা দেওয়া হয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ১০০টি ইয়াবা বড়িসহ চেয়ারম্যান আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া সরকারি কাজে বাধা ও ভূমি কর্মকর্তাকে মারধরের ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইজাজ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেছেন।
তবে চেয়ারম্যান আনিসুর রহমানের স্ত্রী শামীমা কাজল দাবি করেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্রমূলক হয়রানি করা হচ্ছে।
ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ভূমি কর্মকর্তাকে মারধরের ঘটনা নিন্দনীয়। কেউই আইনের ঊর্ধ্বে নন। তাঁর (আনিসুর) বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে।