ভূমি কর্মকর্তার চোখ উৎপাটনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
কিশোরগঞ্জে ভূমি কর্মকর্তার চোখ উপড়ে ফেলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের কাউকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে না পারায় জেলায় কর্মরত ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। গতকাল বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশোরগঞ্জ শাখা কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বুধবার রাতে ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের একটি চোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা। চিহ্নিত সন্ত্রাসী নাহিদ (২৫), পলাশ (২৪), আতাউর (২৪), হারুন (২৫), সোহেলকে (২৩) তিন দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাই সারা জেলায় কর্মরত ভূমি কর্মকর্তা-কর্মচারীরা হতাশ। নৃশংস এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন দ্রুত গ্রেপ্তার করবে বলে আশা করি। এ ছাড়া ১০ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালনের ঘোষণা দেওয়া হয়।’