ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. জিয়া উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিদের পক্ষে রাউতি গ্রামের মহসিন খান গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনওর কার্যালয়ের নেজারত শাখায় কর্মরত মো. শাহ আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বুধবার প্রথম আলোকে বলেন, ‘স্যার (ইউএনও) ঢাকায় আছেন। তিনি ফেরার পর অভিযোগপত্রটি তাঁর কাছে উপস্থাপন করব।’ শুক্রবার রাত পর্যন্ত ইউএনও উপজেলায় ফেরেননি।
লিখিত অভিযোগে বলা হয়, অনৈতিক সুবিধা নিয়ে দাউদপুর মৌজার ২৮৮ খতিয়ানের হাল দাগ ৪৯০, সাবেক দাগ ৩৩২-এর ১০ শতক অর্পিত সম্পত্তি দাউদপুর (নোয়াগাঁও) গ্রামের শমসের আলীর ছেলে আবদুল গফুরের নামে ২০১২ সালের ২ এপ্রিল খাজনা আদায় করে রসিদ (নম্বর ৮৫৪৯৮৩) দেন ভূমি কর্মকর্তা জিয়া উদ্দিন। এ ছাড়া শিমুলাটি মৌজার ২০১ খতিয়ানের সাবেক ৮৮০ এবং হাল ১১৫৩ দাগের ১২ শতক অর্পিত সম্পত্তি ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর শিমুলাটি গ্রামের চণ্ডিচরণ তালুকদারের অনুকূলে খাজনা আদায় করে রসিদ (নম্বর ১৬৮২১২) দেন তিনি। পুরুড়া মৌজার (বাজার) ৬৪১ দাগের সাড়ে পাঁচ শতক জমির মালিক রোকন উদ্দিন খানের নামে খাজনা মওকুফ করে হাল সনের খাজনার রসিদ দেওয়া হয়। একই মৌজার ৮২১ দাগের ভূমির খাজনা মওকুফ করে কৌলি গ্রামের রফিকুল ইসলামের নামে হাল সনের খাজনার রসিদ দেন জিয়া উদ্দিন। উল্লিখিত দুই দাগের ভূমিতে প্রায় ২০ বছর আগে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা চালানো হলেও হাল সনের রসিদ দেন তিনি। এ ছাড়া কৌলি গ্রামের বজলুর রহমানের এক একর ৮২ শতক ভূমি এবং বজলুরের ছোট ভাই জাহাঙ্গীর আলমের এক একর ৫২ শতক ভূমির বকেয়া খাজনা মওকুফ করে হাল সনের (১৪২০ সন) রসিদ দেওয়া হয়। মৌগাঁও গ্রামের আলীম উদ্দিনের এক একর ৭০ শতক জমির বিবরণী (রিটার্ন) না ভেঙে খাজনা মওকুফ করে হাল সনের রসিদ দেওয়া হয়। এমন আরও অনেকের নামে এ ধরনের রসিদ দেওয়া হয়।
জানতে চাইলে জিয়া উদ্দিন বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। তাঁরা সবকিছু জানার ও দেখার মালিক।’ দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘কী করি না-করি, সেটা আমিই ভালো বুঝি। যান, যা পারেন তা লেখেন।’