ভূমি কার্যালয়ের আপত্তি সত্ত্বেও অবৈধ স্থাপনা করছে পুলিশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে খাসজমিতে আটটি দোকানঘর নির্মাণ করছে পুলিশ বিভাগ। এই কাজকে অবৈধ দাবি করে তা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক। গত ৩০ জুন এই চিঠি দেওয়ার পরও নির্মাণকাজ চলছে। পুলিশ সুপার এই কাজকে ‘কল্যাণমুখী’ বলে দাবি করেছেন। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে দামুড়হুদা-মুজিবনগর সড়কের পাশে আটটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কার্পাসডাঙ্গা হাটের জায়গায় দোকানঘরগুলো নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাজার কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দোকানের বরাদ্দ নিতে আগ্রহী ব্যক্তিরা ইতিমধ্যে যোগাযোগ করেছেন। যতদূর জেনেছি, প্রতিটি দোকান বাবদ এক লাখ টাকা করে অগ্রিম নেওয়া হচ্ছে।’ কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ জানান, আরএস ১৪৯৮ দাগের প্রায় আড়াই শতাংশ জমিতে পুলিশ বিভাগ অবৈধভাবে আটটি দোকানঘর নির্মাণ করছে। প্রতিটি দোকান দৈর্ঘ্যে ১৩ ফুট ও প্রস্থে আট ফুট। ১৯ জুন দোকানঘর নির্মাণের কাজ শুরু হলে তিনি পরদিনই দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেনকে লিখিতভাবে বিষয়টি জানান। ফরিদ হোসেন সরেজমিন তদন্ত শেষে ২৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া আফরিনকে লিখিতভাবে বিষয়টি জানান।
আবদুর রশিদ বলেন, স্থানীয় জনসাধারণ ও বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, পুলিশ সুপার টাকার বিনিময়ে ব্যবসায়ীদের নামে বরাদ্দ দেওয়ার জন্য দোকানঘরের নির্মাণকাজ শুরু করেন। ওই জমি কার্পাসডাঙ্গা হাটের নকশাভুক্ত। কিন্তু বছর খানেক আগে জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আওতায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীবকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থাপনা নির্মাণ না করার জন্য লিখিত অনুরোধ করে ২৭ জুন চিঠি দিয়েছেন।
সর্বশেষ জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন ৩০ জুন পুলিশ সুপারকে এক চিঠিতে বলেন, ‘কার্পাসডাঙ্গা হাটের নকশাভুক্ত জমিতে সরকারের অনুমতি না নিয়েই কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি স্থায়ী দোকানঘর নির্মাণ করছে। স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তা নিষেধ করা সত্ত্বেও তা মানা হচ্ছে না। তাই অবৈধভাবে দোকানঘর নির্মাণের কাজ বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী বলেন, জায়গাটি অনেক আগে থেকেই কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সীমানা হিসেবে তারকাঁটা দিয়ে ঘেরা রয়েছে। পুলিশের কল্যাণমুখী কাজের অংশ হিসেবে এখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দোকান বরাদ্দ বাবদ আর্থিক লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।