ভূমি কার্যালয়ে যুবলীগ নেতার হামলা, গ্রেপ্তার ২
লালমনিরহাট সদর ভূমি কার্যালয়ে গত সোমবার হামলার ঘটনা ঘটেছে। দরপত্র কিনতে না পেরে লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর আলম তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই দিন রাতেই ভূমি কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার নুর আলম সরকার বাদী হয়ে যুবলীগের নেতা নুর আলমসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে যুবলীগের নেতা নুর আলম (৩৫) ও কর্মী হিরু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার দুটি সরকারি জলমহাল নয়াদিঘি ও খেদাবাঘ ঈদগা মাঠ পুকুর ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। গতকাল ওই দরপত্রের শিডিউল বিক্রির শেষ দিন ছিল। সোমবার দুপুরে যুবলীগের নেতা নুর আলম ২০-২৫ জন সহযোগী নিয়ে ভূমি কার্যালয়ে শিডিউল কিনতে যান। সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ আলম প্রশিক্ষণের জন্য বাইরে অবস্থান করায় এবং সংশ্লিষ্ট পদে দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা ছুটিতে থাকায় দরপত্রে স্বাক্ষর করার মতো কেউ ছিলেন না। এ কারণে ভূমি কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার নুর আলম সরকার তাঁদের সমবায় অথবা মৎস্য কার্যালয় থেকে দরপত্র কেনার পরামর্শ দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে যুবলীগের নেতা নুর আলম ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন। এ সময় তাঁরা কার্যালয়ের আসবাব ও কাগজপত্র তছনছ করেন। তাঁকে বাঁচাতে গেলে কার্যালয়ের কয়েকজন সহকর্মীও হামলাকারীদের হাতে লাঞ্ছিত হন।