লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ভূমি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্রের একটি বস্তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের চর আলেকজান্ডার বাজারের রহমানিয়া জামে মসজিদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে বস্তাটি উদ্ধার করা হয়।
বিপণিবিতানের (মার্কেট) ঝাড়ুদার মো. মজিবুল হক গত বৃহস্পতিবার সকালে বস্তাটি পান। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল সোমবার।
মো. মজিবুল হক বলেন, বৃহস্পতিবার সকালে বিপণিবিতানে ঝাড়ু দেওয়ার সময় বন্ধ একটি দোকানের সামনে বস্তাটি পড়ে থাকতে দেখেন। বস্তায় কম্পিউটারের যন্ত্রপাতি, ভূমি কার্যালয়ের ব্যবহৃত ডিসিআর (ডুপ্লিকেটিং কার্বন কপি) কাটার দুটি রশিদ বই ও খাসজমি বন্দোবস্তের একটি নথি দেখতে পান। ওই দিনই বস্তাটি ভূমি কার্যালয়ে পৌঁছে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব গতকাল বলেন, বিষয়টি তিনি তদন্ত করছেন। এ ঘটনায় কার্যালয়ের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হবে।