ভূমি কার্যালয়ের তালা নষ্ট করছে মাদকসেবীরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি কার্যালয়ের তালা নষ্ট করে দিচ্ছে মাদকসেবীরা। ওই কার্যালয়ের চত্বরে আড্ডা দিতে বাধা দেওয়ায় তারা এই ঘটনা ঘটাচ্ছে। গত সোমবার গভীর রাতেও তারা ওই কার্যালয়ের সব কটি তালা নষ্ট করে দেয়। এ কারণে গতকাল মঙ্গলবার দুপুরের আগে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে পারেননি।ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ওই কার্যালয়ের এমএলএসএস আবদুর রব শেখ তালা খুলতে গিয়ে দেখতে পান, কলম পুড়িয়ে তালার ছিদ্র ভরাট ও ওপরে সুপার গ্লু লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জানান। ওই কর্মকর্তা নয়টার দিকে কার্যালয়ে এসে বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানান।গতকাল সকাল সোয়া ১০টার দিকে ওই কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে থেকে আসা কয়েকজন কৃষক বাইরে দাঁড়িয়ে আছেন। বাইরে অপেক্ষমাণ উজানচর নতুনপাড়া থেকে আসা কৃষক আবুল হোসেন বলেন, ‘জমির জরুরি একটি কাগজ নেওয়ার জন্য অফিসে আইসা দেহি তালা খুলে নাই। তাই বাইরে দাঁড়াইয়া আছি।’উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘এখানে যোগদানের পর থেকে বিভিন্ন সময় মাদকসেবীদের আড্ডা দিতে দেখে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। ইউএনও প্রায় এক মাস আগে বিভিন্ন স্থান থেকে আটক হওয়া কয়েকজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করেন। এ ঘটনায় মাদকসেবীরা আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে প্রায় এক মাস ধরে রাতের অন্ধকারে কার্যালয়ের তালাগুলো নষ্ট করে দিচ্ছে।’মোশাররফ হোসেন জানান, এক মাসে এ পর্যন্ত মাদকসেবীরা তিনবার কার্যালয়ের আটটি তালা নষ্ট করে দিয়েছে। এসব তালার ছিদ্রের ভেতর কলম পুড়িয়ে তার ওপর সুপার গ্লু দিয়ে আটকে দেওয়া হয়। পরে তালাগুলো কাটা ছাড়া কোনো উপায় থাকে না।সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা ইউএনও ছরোয়ার হোসেন জানান, একটি সরকারি ভূমি কার্যালয়ের চত্বরে নিয়মিত মাদকের আড্ডা চলবে—এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পাওয়ামাত্র আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।