ভূমি কার্যালয়ের নাম খারিজ সংক্রান্ত সাইনবোর্ডটি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ভূমি কার্যালয়ের সামনে নাম খারিজসংক্রান্ত ফির তালিকার সাইনবোর্ডটি এত দিন টানানো থাকতে দেখা গেলেও মাস তিনেক ধরে এটি আর দেখা যাচ্ছে না। আর্থিক সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ের লোকজন সাইনবোর্ডটি গায়েব করে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী, উপজেলা ভূমি কার্যালয়ের সামনে প্রকাশ্যে নাম খারিজসংক্রান্ত ফির তালিকা সাইনবোর্ডে লিখে টানানোর কথা রয়েছে। আর প্রতিটি নাম খারিজের জন্য সব মিলিয়ে সরকারি ফি ধরা হয়েছে ২৫০ টাকা। কিন্তু প্রত্যেক নাম খারিজ বাবদ দুই থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে। তালিকা না টানানোর ফলে নাম খারিজকারী ব্যক্তিদের কাছে সরকারি নির্ধারিত ফির বিষয়টি অজানাই থেকে যাচ্ছে। উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী আনন্দমোহন তালুকদার বলেন, মাস তিনেক আগে সাইনবোর্ডটি ঝড়ে ভেঙে পড়ায় এটি কার্যালয়ের ভেতরের একটি কক্ষে রাখা হয়েছে। শিগগির একটি নতুন সাইনবোর্ড টানানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগটি সঠিক নয়, সরকারি বিধি অনুযায়ী নাম খারিজ ফির টাকা রাখা হচ্ছে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সঙ্গে গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রথম আলোকে বলেন, ‘নাম খারিজ ফির তালিকার সাইনবোর্ড উধাও হওয়ার বিষয়টি আমার জানা নেই। নাম খারিজসংক্রান্ত সাইনবোর্ড টানানোর ব্যাপারে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’