ভূমি খাতের সুশাসনে টিআইবির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি খাতে বিদ্যমান দুর্নীতি ও অব্যবস্থাপনার উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে ১২ দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। টিআইবি একটি গবেষণা প্রতিবেদনে এই সুপারিশ করেছে। জরুরি ভিত্তিতে সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে তারা।

আজ রোববার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ওয়াহিদ আলম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নিহার রঞ্জন রায় এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন। গত বছরের অক্টোবর থেকে গত জুলাই পর্যন্ত গবেষণাটি করা হয়।
টিআইবির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গবেষণা প্রতিবেদনে বলছে, ভূমি উন্নয়ন করের ক্ষেত্রে ১০০ থেকে ১০ হাজার টাকা, নামজারির ক্ষেত্রে ৫ হাজার থেকে ২ লাখ টাকা, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১ হাজার থেকে ৫০ হাজার টাকা, হাট-বাজার ইজারার ক্ষেত্রে ১০ হাজার থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ আদান প্রদান হচ্ছে। জমির ধরন ও স্থানভেদে ঘুষের পরিমাণ নির্ভর করে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ভূমি সেবায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। এ খাতে গত ৫ বছরে সুশাসনের জন্য ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হলেও আরও অগ্রগতির প্রয়োজন রয়েছে। ভূমি সংক্রান্ত আইনের প্রয়োগে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে অনেক ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। ভূমি সংক্রান্ত মামলা ক্রমান্বয়ে বাড়ছে। ভূমি সংক্রান্ত ১৮ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে যা মোট মামলার ৬০ শতাংশ। এ ছাড়া ভূমি রেজিস্ট্রেশন, নামজারি ও করের হার নির্ধারণের ক্ষেত্রে সুশাসনের ঘাটতি লক্ষ্য করা যায়। ভূমি সেবা নারীবান্ধব না হওয়ায় ইফতেখারুজ্জামান উদ্বেগ প্রকাশ করেন।
টিআইবির গবেষণায় বলা হয়, ভূমি জরিপের সময় জরিপ কর্মী জমির পরিমাণ কম দেখান। খতিয়ানে ভুল তথ্য লেখার ভয় দেখিয়ে ভূমি মালিকদের কাছ থেকে ঘুষ গ্রহণ করা হয়। ঘুষের বিনিময়ে খাস জমি, অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত ও কোর্ট অব ওয়ার্ডস-এর সম্পত্তি দখলকারী ক্ষমতাবান ও প্রভাবশালীদের নামে রেকর্ড প্রস্তুত করা হয়। তহসিল অফিস ঘুষের বিনিময়ে নামজারির প্যাকেজ নির্ধারণ করে। কোনো কোনো ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ দখল করা খাসজমি, কোর্ট অব ওয়ার্ডস-এর এবং অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি ক্ষমতাবান ও রাজনৈতিকভাবে প্রভাবশালীদের নামে নামজারি করা হয়। কৃষি খাস জমি বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক নেতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের প্রভাব ও স্বজনপ্রীতিসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে।
গবেষণায় প্রাপ্ত ফলাফলের আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি সংক্রান্ত সব প্রশাসনিক ও ব্যবস্থাপনা কাঠামো পরিচালনার জন্য একটি একক অধিদপ্তর গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। ডিজিটালাইজেশনের জন্য দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন ও সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন ও জরিপ ব্যবস্থায় সমন্বিত ডিজিটালাইজেশন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় বাজেটে ভূমি খাতের জন্য চাহিদা অনুযায়ী বরাদ্দ রাখার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
টিআইবির প্রতিবেদনে ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক বিভিন্ন পদক্ষেপ এবং সীমাবদ্ধতাগুলোও তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে টিআইবির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।