ভূমি জটিলতা নিষ্পত্তির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই চা-বাগান ও ঝিমাই আদিবাসী খাসিয়া পানপুঞ্জির মধ্যে জমি নিয়ে জটিলতা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রশাসন, চা-বাগান ও পানপুঞ্জির প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং আদিবাসী নেতাদের অংশগ্রহণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের দাবি, তাদের ইজারাভুক্ত জমি অবৈধ দখল করে আদিবাসী খাসিরা (খাসিয়া) পানপুঞ্জি গড়ে তুলেছে। চা-বাগান কর্তৃপক্ষ তাদের জমি থেকে অবৈধ দখল অপসারণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। অপরদিকে আদিবাসীদের দাবি, চা-বাগান প্রতিষ্ঠার অনেক আগেই পুঞ্জি গড়ে তোলা হয়েছে। এতে আদিবাসী খাসিয়াদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে আদিবাসীদের পক্ষ থেকে অতীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আদিবাসী নেতা ও প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিমাই চা-বাগান ও ঝিমাই পানপুঞ্জির মধ্যে অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধ নিরসনের লক্ষ্যে ঝিমাই চা-বাগানের জমি থেকে অবৈধ দখলদার অপসারণের জটিলতা নিষ্পত্তির বিষয়ে গত মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসনের উদ্যোগে বৈঠক করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এ বিষয়ে বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ, কেদারপুর টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (উন্নয়ন) এ টি আজাদ, টি বোর্ডের সদস্য হারুনুর রশীদ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব জিডিশন প্রধান সুচিয়াং প্রমুখ। সভায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হান কাওছারকে আহ্বায়ক করে একটি সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে চা-বাগান ও পানপুঞ্জির প্রতিনিধি রাখা হয়েছে। কমিটি আগামী ১৫ দিনের মধ্যে চা-বাগান ও পুঞ্জির মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে একটি প্রতিবেদন সিলেট বিভাগীয় কমিশনারের কাছে প্রেরণ করবে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, পুঞ্জিতে ৪০টি পরিবার আছে। চা-বাগানের মোট জমি হচ্ছে ৬৩২ একর। এর মধ্যে পুঞ্জি আছে ৩৭১ একরে। এখন এ বিষয়ে একটি সমাধানের পথ খোঁজা হচ্ছে। সুপারিশ কমিটি হয়েছে। পুনরায় বৈঠক হবে।