ভূমি জটিলতা নিয়ে জেলা প্রশাসনের গণশুনানি
জমি-সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের কষ্ট দূর করতে গতকাল বুধবার রাজধানীর জুরাইনের আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পিং ও গণশুনানি’। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কোতোয়ালি সার্কেল এ শুনানির আয়োজন করেছেন।
গতকালের গণশুনানিতে ভূমিমালিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া। তিনি শুনানিতে আসা লোকদের বলেন, ভূমি দপ্তরকে কেন্দ্র করে দালাল চক্র গড়ে উঠেছে। তাদের পাল্লায় পড়ে ভূমিমালিকেরা প্রতারণার শিকার হচ্ছেন।
জেলা প্রশাসক বলেন, দেশের মানুষের ৯০ শতাংশ দ্বন্দ্ব হয় জমি নিয়ে। তাই সততার সঙ্গে কেউ ভূমি অফিসে গেলে আন্তরিকভাবে সহযোগিতা করা হবে। মানুষের সুবিধার জন্য ঢাকা শহরে সার্কেল ও তহশিল কার্যালয় বাড়ানো হচ্ছে।
তোফাজ্জল হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী দুই মাসের মধ্যে জমি জটিলতা সমাধান করার নির্দেশ আছে। কিন্তু আমরা সর্বোচ্চ ২০ দিনের মধ্যে তা করার চেষ্টা করছি। এখন মাঠপর্যায়ে মানুষের কথা শুনে আরও অল্প সময়ে তা সমাধানের চেষ্টা চলছে। যেন একবারের বেশি ভূমি অফিসে কাউকে যেতে না হয়।’
গণশুনানি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম উদ্দিনের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর খালেদা আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকন মো. নুরুল হক বক্তব্য দেন। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।