প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী আধুনিকায়নে তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল রোববার বাংলাদেশ বিমানবাহিনীতে প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রব্যবস্থা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাসস।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনা বলেন, ‘আজ এক ঐতিহাসিক দিন। স্বল্পপাল্লার এই বিমান প্রতিরক্ষাব্যবস্থা বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি।’প্রধানমন্ত্রী ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে বিমানবাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকারের আমলে ইতিমধ্যে কক্সবাজারে একটি স্বয়ংসম্পূর্ণ বিমানঘাঁটি ও রক্ষণাবেক্ষণ ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দক্ষ বৈমানিক প্রকৌশলী ও বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তুলতে বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ এম জিয়াউর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এ উপলক্ষে বিমানবাহিনীর এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় যাচ্ছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় পাঁচ দিনের সরকারি সফরে আজ ঢাকা ত্যাগ করবেন। তিনি প্রথমে ৫ থেকে ৭ ডিসেম্বর মিয়ানমার সফর করবেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ বিমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বেলা দুইটায় নে পেই তাওয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। প্রধানমন্ত্রী ৭ ডিসেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে মিয়ানমার ত্যাগ করবেন।