বান্দরবানে ভূমিদস্যুদের কারণে পার্বত্য চুক্তির পর এ পর্যন্ত ১০টি আদিবাসী পাড়া উচ্ছেদ ও দুটি পাড়া স্থানান্তরে বাধ্য হয়েছে। অবিলম্বে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে উচ্ছেদের মুখে পড়া আরও বেশ কয়েকটি পাড়া উচ্ছেদ হবে, গতকাল বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসকের কাছে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এদিকে গতকাল লামা উপজেলার সাঙ্গু মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ও মৌজাবাসীও তাদের মৌজায় তিনটি পাড়া উচ্ছেদ হয়েছে এবং আরও চারটি পাড়া উচ্ছেদের মুখে রয়েছে জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা মুহম্মদিয়া জামিয়া শরিফসহ ভূমি দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
জামিয়া শরিফের পরিচালক আনিসুর রহমান সাঙ্গু মৌজায় ৫০০ একর জমি থাকার কথা স্বীকার করলেও তাদের কারণে পাড়া উচ্ছেদের অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
জেলা প্রশাসকের কাছে পেশ করা প্রতিবেদনে তুলে ধরা উচ্ছেদ হওয়া পাড়াগুলো হচ্ছে লামার সাঙ্গু মৌজায় আমতলি ম্রো পাড়া, মংবিচর বাচিং মার্মা পাড়া, চারিগ্য ত্রিপুরা, লুলাইন মৌজায় লুলাইন মুখ ম্রো পাড়া। নাইক্ষ্যংছড়িতে আলেক্ষ্যং মৌজায় বাদুরঝিরি চাকপাড়া, লংগদু ঝিরি চাকপাড়া, হামড়া ঝিরি ও সাপমারা ঝিরি মার্মা পাড়া, ঈদগড় মৌজায় রাঙ্গাঝিরি চাকমা পাড়া ও ডলুঝিরি মার্মা পাড়া। স্থানান্তর হওয়া দুটি পাড়া হচ্ছে আলীকদমের তৈনফা মৌজার উক্লিং ম্রো পাড়া ও লামা ফাইতং মৌজায় সুনং পাড়া।
লামা সাঙ্গু মৌজার হেডম্যান থংপ্রে ম্রো, নাইক্ষ্যংছড়ির ঈদগড় মৌজার হেডম্যান থোয়াইহ্লা অং মার্মা বন ও ভূমি অধিকার আন্দোলনের প্রতিবেদনে পাড়া উচ্ছেদের সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের কাছে ভূমি দস্যুদের ব্যাপারে বহু লেখালেখি করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। মানুষ নিরুপায় হয়ে পাড়া ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে। প্রভাবশালী এ ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আরও বেশ কয়েকটি পাড়া উচ্ছেদ হবে।
নাইক্ষ্যংছড়ির আলেক্ষ্যং মৌজার হেডম্যান মংথুই প্রু মার্মা বলেন, বাদুরঝিরি চাক পাড়া উচ্ছেদের ব্যাপারে পার্বত্য মন্ত্রণালয়ের তদন্তে ১৪ জন ভূমিদস্যুর তালিকা দিয়ে তাদের গ্রেপ্তারের সুপারিশ করা হয়েছিল। কিন্তু প্রশাসন কাউকে গ্রেপ্তার করেনি এবং উচ্ছেদ চাকদের পুনর্বাসনেরও কোনো উদ্যোগ নেয়নি।