ভূমি দখলের প্রতিবাদে আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলায় আদিবাসীদের ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে ও দখল করা ভূমি ফেরত চেয়ে গতকাল মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাব চত্বরে আদিবাসী নারী-পুরুষেরা মানববন্ধন করেছেন। বেলা সাড়ে ১১টায় শতাধিক আদিবাসী নারী ও পুরুষ মানববন্ধন করেন। একপর্যায়ে তাঁরা সামনে কলাপাতা বিছিয়ে বসে পড়েন। এ সময় বক্তব্য দেন আলীকদম-থানচি এলাকায় ভূমি দখলের শিকার লাংরিং ম্রো কার্বারি (পাড়াপ্রধান), প্রভাত ত্রিপুরা, ধর্মচরণ ত্রিপুরা কার্বারি, উকলিং কার্বারি, জনসংহতি সমিতির আলীকদমের সাধারণ সম্পাদক সাহ্লামং মারমা, মংসানু মারমা প্রমুখ।বক্তারা বলেন, ভূমিদস্যুরা এসে আদিবাসীদের হাজার হাজার একর জুমের জমি দখল করে নিচ্ছে। এই ভূমিদস্যুরা চট্টগ্রাম ও ঢাকার সামরিক-বেসামরিক আমলা, প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি। প্রশাসন তাঁদের সহযোগিতা দিচ্ছে। উকলিং কার্বারি ও ধর্মচরণ ত্রিপুরা কার্বারি প্রথম আলোকে বলেন, আলীকদম-থানচি সড়ক হওয়ায় এখন ভূমিদস্যুরা এসে তাঁদের জুমের জমি দখল করে নিয়েছে ও নিচ্ছে। এ জায়গার খতিয়ান অনুযায়ী মালিক সাইফুর রহমান চৌধুরী, মমিনুল ইসলাম, হাবিবুর রহমান, রাজীব তালুকদার প্রমুখ লিখে সড়কের ধারে অসংখ্য সাইনবোর্ড ঝোলানো হয়েছে বলে লাংরিং কার্বারি অভিযোগ করেন। মেন্টনপাড়ার নারী তাইফু ম্রো বলেন, ‘বাপ-দাদা চৌদ্দপুরুষ ধরে এখানে আছি। এ জায়গা ছেড়ে আমরা কোথায় যাব? বংশপরম্পরায় আমরা কলাপাতায় ভাত খেয়ে এসেছি। এখন আমাদের ভূমি নাই, ভাত নাই। খাব কী, যাব কোথায়?’ ভূমি দখলের অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান চৌধুরী বলেন, ওই এলাকার আদিবাসীরা জমি চাষাবাদ করতে পারেন না। তাই তাঁরা কিছু টাকার বিনিময়ে জমিগুলো তাঁদের হাতে তুলে দিচ্ছেন। তাঁর কাছে এ রকম ২০০ আদিবাসীর স্বাক্ষর করা প্রায় ৭০০ একর জমি রয়েছে বলেও উল্লেখ করেন সাইফুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদ-উজ জামান বলেন, কিছু সাইনবোর্ড লাগানো হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু ভূমি দখলের ব্যাপারে তাঁর কাছে কোনো অভিযোগ নেই।