ভূমি দখলের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
আদিবাসীদের জায়গা দখল ও পুনর্বাসিত বাঙালিদের দ্বারা খাগড়াছড়ি বাজারে দুই আদিবাসীকে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করেছে।খাগড়াছড়ি সদরের মহাজনপাড়া থেকে মিছিল শুরু হয়ে চেঙ্গি স্কোয়ার হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা, অঙ্কন চাকমা প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসিত বাঙালিদের দ্বারা পাহাড়িদের ভূমি দখল-প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদরের বেতছড়ি এলাকার বড়নালে পাহাড়িদের জায়গা দখলের চেষ্টা চালিয়েছে। পাহাড়িদের প্রতিরোধের মুখে জায়গা দখলের চেষ্টা ব্যর্থ হলে পুনর্বাসিত বাঙালিরা খাগড়াছড়ি বাজারে বেতছড়ি এলাকার দুই পাহাড়িকে মারধরে আহত করে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য পাহাড়ি জনগণের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, গত রোববার দুপুরে খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি এলাকার বড়নালে পুনর্বাসিত বাঙালিরা আদিবাসীদের ভূমি দখল করার চেষ্টা চালায়। আদিবাসীরা সংঘবদ্ধ হয়ে ভূমি বেদখল প্রতিরোধ করে। এ ঘটনার জেরে সোমবার খাগড়াছড়ি বাজারে পুনর্বাসিত বাঙালিরা বেতছড়ি এলাকার দুই আদিবাসীকে বেদম মারধর করে। পরবর্তী সময়ে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।