আদিবাসী ও সংখ্যালঘুদের ভূমি দখলের উদ্দেশ্যেই বিভিন্ন সময়ে তাদের ওপর দেশের সংখ্যাগরিষ্ঠ লোকজন হামলা চালায়। বাড়িঘরে অগ্নিসংযোগ করে লুটপাট করা এই দল বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি সর্বদলীয় সিন্ডিকেট।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘দিনাজপুর ঘোড়াঘাটে আদিবাসী পল্লি ও চার্চে হামলার প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা দিনাজপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে দেখা করেছেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। কাপেং ফাউন্ডেশনের দীপায়ন খীসার সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর।
এতে বলা হয়, গত ৬ জুন রঘুনাথপুরের বাগজাপাড়ায় সন্ত্রাসী মো. আজিজার প্রধান ও তাঁর ছেলেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। ভয়ে আদিবাসী নারী-পুরুষ ও শিশুরা বুলাকিপুর মিশন কেন্দ্রে আশ্রয় নেয়। কিন্তু হামলাকারীরা মিশনের গেট ও তারকাঁটার বেড়া কেটে ভেতরে ঢোকে। মিশনের ইনচার্জ ফাদার আনসেলমো মার্ডিকে অপমান এবং ম্যানেজার আলব্রেকুস মার্ডি ও প্রশিক্ষণার্থী যাজক নরেশ হেমব্রকে মারধর করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চলাকালে ঘোড়াঘাট থানার পুলিশ নিরাপত্তা দিতে না পারায় দিনাজপুরের পুলিশ সুপার দাঙ্গা পুলিশের ২৭ জন সদস্য পাঠান। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু ঘোড়াঘাট থানার পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে নিরপরাধ সাত আদিবাসীকে ধরে নিয়ে যায়, যাদের এখনো জামিন হয়নি।
বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, আদিবাসীদের ভূমি দখলে ভূমিদস্যুরা যে যেই দলই করুক না কেন, তারা এ সময় সর্বদলীয় সিন্ডিকেট গড়ে তোলে। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম ও সমতলে যেভাবে আদিবাসীদের ওপর অত্যাচার করা হচ্ছে, তাতে বলা যায় যে আমরা একটি নিপীড়নমূলক রাষ্ট্রে বাস করছি।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ঘটনার পর এক মাস হয়ে গেছে, কিন্তু নিপীড়িতদের দেখতে ঘটনাস্থলে স্থানীয় সাংসদ যাননি। প্রশাসনের আচরণে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি রয়েছে। অথচ প্রশাসনের দায়িত্ব ছিল নিপীড়িত আদিবাসীদের পাশে দাঁড়ানো। তিনি এ ঘটনায় ভূমিদস্যু ও অপরাধীদের নাম উল্লেখ করে আরও বলেন, এঁরা সবাই বর্তমান সরকারের দল আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। তবে বিএনপির নেতারাও আদিবাসীদের ভূমি দখলের ক্ষেত্রে এঁদের সঙ্গে একজোট হয়ে যান।