ভূমি নিবন্ধনে হেডম্যানদের প্রতিবেদন নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডম্যানদের (মৌজা প্রধান) প্রতিবেদন ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভূমির নিবন্ধন না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মং সার্কেলের প্রধান সাচিং প্রু চৌধুরী। গতকাল শুক্রবার খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত দুই দিনব্যাপী হেডম্যান কার্বারি সম্মেলনের সমাপনী দিনে তিনি এ কথা বলেন। খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনের সমাপনী দিনে দুই অধিবেশনে হেডম্যান ও কার্বারিদের (গ্রাম প্রধান) ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা। বক্তব্য দেন দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, ইউএনডিপির কর্মকর্তা প্রসেনজিৎ চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা প্রমুখ। বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আইনবিষয়ক সম্পাদক ভবতোষ দেওয়ান। প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসনের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।