অবাধ ভূমি দখলের কারণে ম্রো আদিবাসীরা চরম ভূমি নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। কোম্পানি নামধারী ভূমিদস্যুরা প্রতিনিয়ত ম্রোদের ভূমি দখল করছে অথবা দখলের পাঁয়তারা চালাচ্ছে। অপরদিকে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ম্রোরা শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত। এ রকম দ্বৈত সংকটে ম্রোদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। গতকাল শনিবার বান্দরবানে দুই দিনব্যাপী ম্রো আদিবাসী সম্মেলনে ম্রো-নেতারা এভাবে তাঁদের অধিকারহীনতা ও ভূমি নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন।স্থানীয় টাউন হলে এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো। আরও বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য অংপ্রু ম্রো, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো, আদিবাসী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা প্রমুখ। জেলার সাত উপজেলার দুর্গম এলাকা থেকে দুই শতাধিক ম্রো হেডম্যান (মৌজা প্রধান), কার্বারি (পাড়াপ্রধান), জনপ্রতিনিধি, সামাজিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে অংশ নেন। আজ রোববার সারা দিন তাঁরা ম্রো সামাজিক আইন নিয়ে আলোচনা করবেন। দুর্গম এলাকা থেকে আসা ম্রো হেডম্যান, কার্বারিরা বলেছেন লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা এখন ভূমিদস্যুদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। লামায় ভূমিদস্যুদের ভয়ে বর্তমানে বেশ কয়েকটি ম্রো-পাড়া উচ্ছেদের মুখে পড়েছে। থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকা থেকে আসা আদা ম্রো কার্বারি ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর পাড়ায় কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এ জন্য পাড়ার ছেলেমেয়েরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ বীর বাহাদুর ম্রো-অধ্যুষিত এলাকা উন্নয়ন করা হবে উল্লেখ করে বলেছেন, কোনো ম্রো আদিবাসীর ভূমি কেউ দখল করতে পারবে না। দখলদার যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আঞ্চলিক পরিষদে ম্রো আদিবাসীদের সদস্যপদ দাবি করে বীর বাহাদুর আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের মধ্যে ম্রো-রা চতুর্থ সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আঞ্চলিক পরিষদে কোনো সদস্যপদ না থাকায় তারা তাদের সমস্যা-সংকট সম্পর্কে তুলে ধরতে না পারায় আরও বেশি পিছিয়ে পড়ছে। উদ্বোধনী অধিবেশন শেষে ম্রো সোশ্যাল কাউন্সিলের নির্বাচন হয়। এতে রাংলাই ম্রো সভাপতি, সিংয়ং ম্রো সাধারণ সম্পাদক ও মাংছার ম্রো কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।