ভূমি নিয়ে ছয় গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে গতকাল রোববার দুপুরে ভূমি নিয়ে ছয় গ্রামের বাসিন্দাদের এক সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। পুলিশ এ সংঘর্ষ থামাতে গিয়ে ১৩১টি রাবারের গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে গুরুতর আহত ফারুক মিয়া (৪০) ও আনফর আলীকে (৫৫) সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, উপজেলার মীরপুর এলাকায় একটি ভূমি নিয়ে তুঘলি গ্রামের মিনারা বেগমের সঙ্গে পাশের বামকান্দি গ্রামের মোশাহেদ মিয়ার বিরোধ ছিল। গতকাল রোববার দুপুরে মোশাহেদ ও তাঁর লোকজন ওই জমিতে ঘর তুলতে চাইলে বাধা দেন মিনারা বেগম ও তাঁর লোকজন। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে তুঘলি গ্রামের পক্ষ নেয় পাশের লামাতাশি, রূপন্তর এবং বামকান্দি গ্রামের পক্ষ নেয় পরিপাশা ও মীরেরগাঁও গ্রামের লোকজন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উল্লিখিত প্রায় ৫০ জন আহত হন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ভূঁইয়া জানান, ভূমি নিয়ে এ সংঘর্ষ হয়। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।