ভূমি প্রতিমন্ত্রীর ব্যাখ্যা ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে নিজের ব্যাখ্যা পাঠিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এতে বলা হয়, প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই চলতি বছরের ১৮ জানুয়ারি আরামিট সিমেন্টের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। যা সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তবে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটটি হালনাগাদ না হওয়ায় সেখানে সাইফুজ্জামানের নাম রয়ে গেছে। ব্যাখ্যায় আরও বলা হয়, চলতি বছরের ১৮ জানুয়ারি আরামিট ফুটওয়্যারের পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন, যা বর্তমানে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয়ে (আরজেএসসি) হালনাগাদের অপেক্ষায় আছে।

প্রতিমন্ত্রী আরামিট লিমিটেড, আরামিট থাই অ্যালুমিনিয়াম, আরামিট স্টিল পাইপস এবং আরামিট পাওয়ারের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ও আরজেএসসিতে এসব তথ্য হালনাগাদ করা হয়েছে। আরামিট এলু কম্পোজিট প্যানেলের পরিচালকের পদ থেকে পদত্যাগের বিষয়টি আরজেএসসিতে হালনাগাদের অপেক্ষায় রয়েছে।

 প্রতিবেদকের বক্তব্য: প্রতিমন্ত্রীর এই ব্যাখ্যা ও প্রতিবেদনে উল্লেখিত তথ্যের মধ্যে কোনো অসামঞ্জস্য নেই। ব্যাখ্যায় দাবি করা হয়েছে, প্রতিমন্ত্রীর পদত্যাগের বিষয়টি যথাসময়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক পদত্যাগ করলে তা শেয়ারধারীদের অবগত করতে হয়। এ জন্য পদত্যাগসংক্রান্ত খবর দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশও করা হয়। কিন্তু ডিএসই ও সিএসইর ওয়েবসাইট খুঁজে সেই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।