ভূমি বনের, বন্দোবস্ত পাচ্ছে চা-বাগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি মন্ত্রণালয় প্রায় ৩০০ একর ভূমি মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের মনছড়া মৌজার মনছড়া বিট এলাকার কালিটি চা-বাগানকে বন্দোবস্তের অনুমোদন দিয়েছে। তবে বন বিভাগের দাবি, ওই ভূমি তাদের। আইন অনুযায়ী সংরক্ষিত বন বন্দোবস্ত দেওয়ার কোনো নিয়ম নেই।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের (খাসজমি-১) উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসককে মনছড়া মৌজার বিভিন্ন দাগের ২৮০ দশমিক ৫০ একর ভূমি কালিটি চা-বাগানকে ইজারা সম্পাদন করে দিতে বলা হয়। গত বছরের ২৯ আগস্ট একই মন্ত্রণালয় জেলা প্রশাসককে আরেকটি চিঠিতে কালিটি চা-বাগানের অনুকূলে প্রস্তাবিত ভূমির ইজারা সম্পাদন করতে বলেছিল। এর আগে গত বছরের ৭ জানুয়ারি কালিটি চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক জেলা প্রশাসকের কাছে চা-বাগান এলাকায় অবস্থিত চা-চাষের উপযোগী সরকারি খাসজমি সম্পূরক ইজারার জন্য আবেদন করেন।
তবে গত বছরের ২১ অক্টোবর কুলাউড়া রেঞ্জের মনছড়া বিটের গেজেটভুক্ত মনছড়া মৌজার ভূমি কালিটি চা-বাগানকে ইজারা না দিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জেলা প্রশাসককে চিঠি দেন। এতে বলা হয়, ১৯৬০ সালে মনছড়া মৌজার এক হাজার ৫২৫ একর ভূমি সংরক্ষিত বনভূমি হিসেবে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। প্রাকৃতিক বন ছাড়াও বন বিভাগ এখানে দীর্ঘমেয়াদি সৃজিত বাগান, সেগুনবাগানসহ সামাজিক বনায়ন করেছে। ১৩৪ জন উপকারভোগী আছেন। গত জরিপে ওই ভূমি জেলা প্রশাসক ও অন্যান্য ব্যক্তির নামে রেকর্ড হওয়ায় বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা ২০০৮ সালের ১৯ মার্চ এক চিঠিতে রেকর্ড সংশোধন এবং বন বিভাগের নামে নামজারির জন্য সহকারী কমিশনার (ভূমি) কুলাউড়াকে অনুরোধ করেন। এই ভূমিতে মেয়াদ শেষে সামাজিক বনায়নের বাগান কাটা হলে উপকারভোগীরা আর্থিকভাবে লাভবান হবেন। সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে। মনছড়া মৌজায় বন বিভাগের এই ভূমিতে সরকারিভাবে নির্মিত একটি বিট কার্যালয় এবং স্টাফদের বাসগৃহ আছে।
বন বিভাগ জানায়, বন আইনে বনভূমি বন হিসেবে সংরক্ষণ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সংরক্ষিত বনভূমি কোনোভাবেই ইজারা বা হস্তান্তর না করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ফলে ওই বনভূমি কোনো ব্যক্তি, সংস্থা কিংবা প্রতিষ্ঠানের নামে বন্দোবস্ত দেওয়ার নিয়ম নেই। এখানে সেগুনসহ বিভিন্ন ধরনের কয়েক কোটি টাকা মূল্যের বনজ গাছপালা আছে। চা-বাগানকে ভূমি ইজারা দিলে প্রথমেই স্থানটি কেটে পরিষ্কার করবে। যাতে পরিবেশের ক্ষতি হবে।
গত ২৪ মে কুলাউড়া রেঞ্জ বন কর্মকর্তা সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কাছে এক চিঠিতে জানায়, কালিটি চা-বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যে ৩০ লাখ টাকা ইজারা মূল্যের অংশ হিসেবে সরকারের কাছে জমা দিয়েছে। তারা রেকর্ড সংশোধনের চেষ্টা চালাচ্ছে ও ভূমি দখলের পাঁয়তারা করছে।
এ ব্যাপারে কালিটি চা-বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান বলেন, ‘জায়গাটি বন বিভাগের নয়। ডিসির খতিয়ানের। সপ্তাহ দেড়েক আগে চুক্তি সম্পাদন ও টাকা জমা দেওয়ার পর জায়গার নিবন্ধন হয়েছে। তবে এখনো কোনো কার্যক্রম শুরু করিনি। চা-বাগান সম্প্রসারণের জন্য জায়গা নেওয়া হয়েছে।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেন জানান, বন বিভাগের জায়গা যখন-তখন ইজারা দেওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন লাগে। ইজারার বিষয়টি জানার পর জেলা প্রশাসককে লিখিতভাবে বিস্তারিত জানানো হয়েছে। এর পরও সম্পূরক ইজারার চিঠি এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইজারা না দিতে জেলা প্রশাসককে আবারও অনুরোধ করা হবে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, এই ভূমি ১ নম্বর খাসখতিয়ানভুক্ত। চা-চাষের উপযোগী। চা-বাগান সম্প্রসারণযোগ্য। নিয়মমতো ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এসেছে। চুক্তি সম্পাদনের পর রেজিস্ট্রি হয়ে গেছে।