ভূমি বন্দোবস্তের প্রস্তাব প্রত্যাখ্যান আদিবাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জির (গ্রাম) আদিবাসী ও পাশের ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের মধ্যকার ভূমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়েছে। এতে কর্মকর্তারা পুঞ্জির আদিবাসী খাসিয়াদের ভূমি বন্দোবস্তের প্রস্তাব দেন। তবে আদিবাসীরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বৈঠকে অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকের একপর্যায়ে ইউএনও পুঞ্জির খাসিয়া পরিবারের প্রত্যেককে দুই একর করে সরকারি ভূমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব দেন। এরপর সেখানে উপস্থিত আদিবাসী লোকজন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান বলেন, সমঝোতার মাধ্যমে তাঁরা বিষয়টি মিটমাট করতে চেয়েছিলেন। বিশেষ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ভূমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এখন আইনগতভাবে এ সমস্যার সমাধান করতে হলে খাসিয়াদের উচ্ছেদ করা ছাড়া বিকল্প নেই।