দেশের জনগোষ্ঠীর মধ্যে ভূমি বিরোধজনিত সমস্যা বাড়ছে। আর এর মূল কারণ ভূমি আইন নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা, আইনি জটিলতা ও সামাজিক সংকট।
গতকাল শনিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলা হয়।
গোলটেবিলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান এ-সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন তুলে ধরেন। ৩৬০ জন পরিবারের ওপর পরিচালিত এক গবেষণা জরিপে দেখা গেছে, তাদের ৪১ শতাংশই ভূমি বিরোধজনিত সমস্যায় আক্রান্ত। তাদের মধ্যে ৫২ শতাংশ ভূমির সীমানাসংক্রান্ত বিরোধ। এরপর আছে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধ।
‘সম্পত্তি অধিকারের সুযোগ ও সম্পত্তির অধিকার সুরক্ষা প্রকল্পের প্রভাব’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
হোসেন জিল্লুর রহমান ‘সম্পত্তি অধিকারের মাধ্যমে আইনি ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণ’ শীর্ষক গবেষণা নিবন্ধের বিশ্লেষণ তুলে ধরে বলেন, এসব বিরোধের অধিকাংশ সমাধানের বাইরে থেকে যাচ্ছে। এসব পরিবারের বেশির ভাগই মামলা বা আইনিসংক্রান্ত জটিলতায় যেতে চায় না।
গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধায় এই গবেষণা জরিপ চালানো হয়।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম বলেন, প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সরকার ভূমিব্যবস্থাপনাকে আরও আধুনিকায়ন করতে শুরু করেছে। এই লক্ষ্যে ভূমি সম্পর্কিত প্রায় সব খাত ডিজিটালাইজড হচ্ছে। এর ফলে কাজের ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।
আলোচনায় স্থানীয় প্রশাসনিক কাজে দালালদের দৌরাত্ম্য, ভূমির অধিকার সম্পর্কে অজ্ঞতা, শিক্ষিত হলেও ভূমি আইন ও উত্তরাধিকার আইন সম্পর্কে অনেকের পর্যাপ্ত জ্ঞান না থাকা, মামলার দীর্ঘসূত্রতা এবং এ কারণে মামলা না করার মনোভাব, ভূমি জরিপে নানা জটিলতা ইত্যাদি বিষয় ভূমি অধিকারের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে।
বৈঠকে এ-সংক্রান্ত আরেকটি নিবন্ধ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস জাহান। সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের পরিচালক কে এ এম মোর্শেদ। বিজ্ঞপ্তি।