
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী দ্রুত সংসদে উত্থাপনের সিদ্ধান্ত হয়েছে পার্বত্য চুক্তির বাস্তবায়ন নিয়ে আয়োজিত যৌথ মতবিনিময় সভায়। একই সঙ্গে পার্বত্য ভূমি কমিশন এবং ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সকে শক্তিশালী ও কার্যকর করার বিষয়েও সরকার এবং জনসংহতি সমিতির নেতারা একমত হয়েছেন।
পার্বত্য চুক্তির আলোকে গঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের নিয়ে গতকাল বুধবার যৌথ সভা হয়। পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সভা চলে।
২০০১ সালে প্রণীত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ২৩টি ধারা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। এর মধ্যে ১৩টি ধারাতে সংশোধনী আনার বিষয়ে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, পার্বত্য চুক্তির সবচেয়ে বড় অংশ ভূমি। সেটার ব্যাপারে আলাপ করা এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কমিশনের সদস্য ও চুক্তি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচিতির জন্য এ সভা হয়েছে। তিনি জানান, চুক্তি বাস্তবায়ন নিয়ে এ মাসে এটি তৃতীয় সভা। সংশ্লিষ্ট সবাইকে চুক্তি বাস্তবায়নে অগ্রগতির বিষয়টি অবহিত করা হয়েছে। কীভাবে আরও এগোনো যায় সে বিষয়ে সবার সঙ্গে আলোচনা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, সবাই আন্তরিকতা নিয়ে আলোচনা করেছে। আশা করা যাচ্ছে চুক্তি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩০ এপ্রিলের মধ্যে চুক্তি বাস্তবায়নে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে আগামী ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সন্তু লারমা। এ বিষয়ে প্রশ্ন করা হলে সন্তু লারমা বলেন, ‘আন্দোলনের এখনো অনেক সময় আছে।’
সভায় উপস্থিত ছিলেন এমন দুজন জনপ্রতিনিধি নাম না প্রকাশের শর্তে বলেন, সংসদে চলতি অধিবেশনেই পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর সংশোধনী পাসের বিষয়ে জনসংহতি সমিতিকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া শিগগির পার্বত্য ভূমি কমিশনের সভা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
সভায় সংসদ উপনেতা ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক বেগম সাজেদা চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন গওহর রিজভী।