ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী পাসের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী সংসদে পাস করার প্রতিবাদে গতকাল শনিবার খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দুটি পক্ষ।
সকাল সাড়ে ১০টার দিকে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মজিদের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আসাদ উল্ল্যাহ্, জেলা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি সাহাদাত হোসেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে একই দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানার নেতৃত্বে শহরের চেঙ্গী স্কয়ার থেকে পৃথক মিছিল বের করা হয়। মিছিলটি শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মাঈন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।