পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানকে খাগড়াছড়িতে অবাঞ্ছিত ঘোষণা করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এ ছাড়া কমিশনের সব কার্যক্রম প্রতিহত করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বুধবার খাগড়াছড়ি শহরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সকালে খাগড়াছড়ি সদরের উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মো. মাঈন উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাহাজল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ও ভূমি রক্ষা কমিটির নেতা আবুল কাসেম।
সমাবেশে বক্তারা বলেন, ২৮ অক্টোবরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম বন্ধ না হলে ২৯ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।