ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের দুই দিনব্যাপী কেন্দ্রীয় সমন্বয় সভা খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার প্রধান নিরণ চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ১৫-১৬ মার্চ ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা। সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ‘বিতর্কিত’ কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বিচারিক কার্যক্রমসহ কমিশনের সব কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে।সমন্বয় সভায় বক্তারা অভিযোগ করেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব এলাকার সংখ্যালঘুদের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। জাতীয় সংসদের চলমান অধিবেশনে পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংখ্যালঘুদের স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক নিপীড়ন বন্ধের দাবি জানান বক্তারা।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য প্রদীপন খীসা, সচিব চাকমা, উজ্জ্বল স্মৃতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, সহসভাপতি শান্তিদেব চাকমা, সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সোনালী চাকমা, সাধারণ সম্পাদক কণিকা দেওয়ান এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমেন চাকমা ও সাধারণ সম্পাদক থুইক্যচিং মারমা।