বান্দরবানে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা
ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যপদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি
ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যপদ্ধতি এখনো নির্ধারণ করা হয়নি। তবে কার্যপদ্ধতির ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বান্দরবানে গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা শেষে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এ কথা বলেছেন। গতকাল বান্দরবান সার্কিট হাউসে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, খাগড়াছড়ির কংজরি চৌধুরী, রাঙামাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়, বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরী, মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের প্রতিনিধি মোমিনুর রশিদ আমিন।
সভা সূত্র জানায়, গতকালের সভায় গত ৩০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠিত কমিশনের সভার সিদ্ধান্ত পর্যালোচনা হয়। এ ছাড়া ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কার্যপদ্ধতি নিরূপণ নিয়েও আলোচনা হয়েছে।
কমিশনের চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, বিরোধ নিষ্পত্তির কার্যপদ্ধতি নিরূপণ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিরোধ নিষ্পত্তির শুনানি করতে গেলে কমিশনের খাগড়াছড়ির প্রধান কার্যালয় ছাড়াও রাঙামাটি ও বান্দরবানে দুটি ইউনিট কার্যালয় স্থাপন জরুরি। এ ছাড়া কার্যবিধিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ ও বাজেট বরাদ্দ প্রয়োজন। এসব সীমাবদ্ধতা দ্রুত সমাধান হলে কমিশনের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
কমিশন চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য বান্দরবানে ৪ হাজার ৫৬৮টি, রাঙামাটিতে ৯ হাজার ৯৪০টি ও খাগড়াছড়িতে ৮ হাজার ৩৭৩টি আবেদন জমা পড়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, সভায় কাজের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, বিধিমালা প্রণয়নসহ সব প্রতিবন্ধকতা দূর করে কাজের অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তাঁরা আশাবাদী।