ভূমি বিষয়ে অবিশ্বাসের বীজ দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ভূমি বিষয়ে যে অবিশ্বাসের বীজ এখনো রয়েছে, তা অবশ্যই দূর করা দরকার। সবাই ঐক্যবদ্ধ হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা দূর করা হলে জাতির জন্য মঙ্গলজনক হবে। গতকাল বুধবার বেলা তিনটায় রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিজানুর রহমান এসব কথা বলেন। পার্বত্য অঞ্চলে যে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস রয়েছে, তা কমিয়ে আনার ব্যাপারে মানবাধিকার কমিশন ভূমিকা রাখতে আগ্রহী বলে তিনি জানান।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সকালে খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে পৌঁছান। তিনি রাঙামাটিতে সরকারি বালিকা শিশুসদন, জেনারেল হাসপাতাল, মাতৃমঙ্গল হাসপাতাল ও কারাগার পরিদর্শন করেন। হাসপাতালে রোগীরা কমিশনের চেয়ারম্যানের কাছে তাঁদের দুর্দশা ও বঞ্চনার চিত্র তুলে ধরেন। তিনি জেনারেল হাসপাতাল ও মাতৃমঙ্গল হাসপাতালের স্বাস্থ্যসেবার বেহাল দশা এবং চরম অব্যবস্থাপনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিকেল পাঁচটায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে জানা গেছে।