খাস ও অন্যান্য সরকারি জমি দখল হয়ে যাওয়াসহ ভূমি ব্যবস্থাপনার নানা ত্রুটি সরকারের নীতিনির্ধারকদের কাছে তুলে ধরেছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এসব তুলে ধরেন ডিসিরা।
তিন দিনব্যাপী এবারের সম্মেলনে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে। মোট ২৫টি লিখিত প্রস্তাবের মধ্যে বেশ কয়েকটি নিয়ে গতকাল আলোচনা হয়। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। আজ বৃহস্পতিবার শেষ হবে এ সম্মেলন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ডিসিদের পক্ষ থেকে সরকারি জমির দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে শাস্তির বিধান রেখে আইন করা, পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব একক মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা বৃদ্ধি করা, সরকারি দপ্তর বা প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ জমার সময়সীমা দুই মাসের পরিবর্তে ছয় মাস করার প্রস্তাব করা হয়।
সভায় উপস্থিত ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সভায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ সরকারি বেহাত জমি উদ্ধারে ডিসিদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কেউ যেন গৃহহীন না থাকেন সে বিষয়ে তিনি ব্যবস্থা নিতে বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও তাঁদের সম্পদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আসে ডিসিদের পক্ষ থেকে। এ ছাড়া মানব পাচার রোধ নিয়েও আলোচনা হয়। পরে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সাংবাদিকদের বলেন, মানব পাচার রোধে ‘বিজনেস টু বিজনেস’ অনুযায়ী বিদেশে লোক পাঠানো হবে।
‘জেলা পরিষদের নির্বাচন বিবেচনাধীন’: স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় গ্রামপুলিশদের বেতন-ভাতা বাড়ানো, পৌরসভার উন্নয়নমূলক কাজ ও দরপত্র মূল্যায়ন কমিটিতে উপপরিচালকের পরিবর্তে জেলা প্রশাসকদের একজন প্রতিনিধিকে সদস্য করা, ইউনিয়ন পরিষদের কাজে গতিশীলতা আনা, গ্রাম আদালতের জন্য পেশকারের পদ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব করেন ডিসিরা।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ এই মন্ত্রণালয়ের অধীনে হয়ে থাকে। এসব কাজ করতে গিয়ে মাঠপর্যায়ে যেসব সমস্যার সম্মুখীন ডিসিরা হন সেগুলো সুচিন্তিতভাবে বলেছেন। এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, গ্রামীণ রাস্তাঘাটের সমস্যা পর্যায়ক্রমে দূর করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা পরিষদের নির্বাচন সক্রিয় বিবেচনাধীন আছে।
বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’ সামলানোয় ডিসিদের ধন্যবাদ: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ নিয়ন্ত্রণে রাখায় জেলা প্রশাসকদের (ডিসি) ধন্যবাদ জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় তিনি এ ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের কাছে এসব বিষয় বলেন তিনি।
এ ছাড়া বাণিজ্যমন্ত্রী প্রতি জেলায় একটি করে পণ্য চিহ্নিত করে সেটাকে আরও পরিচর্যা করে কীভাবে রপ্তানি করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিদের নির্দেশ দেন। ভেজালবিরোধী অভিযানে ডিসিদের আরও কঠোর হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয় নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, শিল্প প্লট যাতে ঠিকভাবে বরাদ্দ হয় সে জন্য নির্দেশনা চেয়েছেন ডিসিরা। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসিদের জানানো হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চেয়েছেন ডিসিরা। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তাঁরা আশা করছেন, ২০১৮ সালের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৯০ শতাংশ এলাকায় বিদ্যুৎ দিতে পারবেন।
এ ছাড়া গতকাল পররাষ্ট্র, পরিবেশ ও বন, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য, পানিসম্পদ, মহিলা ও শিশুবিষয়ক এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে আলোচনা হয়। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন ডিসিরা।