ভূমি ব্যবস্থাপনার ৭৮ সমস্যা চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করা জেলা প্রশাসকেরা (ডিসি) এবার দেশের ভূমি ব্যবস্থাপনার নানা সমস্যা ও সমন্বয়হীনতার চিত্র তুলে ধরে এর সমাধান চেয়েছেন। জরিপ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত, খাসজমি সংরক্ষণে আলাদা আইন, জালিয়াতি বন্ধে ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণ, কৃষিজমি রক্ষায় পরিকল্পনা এবং সরকারের সব বিভাগের জন্য আলাদা দপ্তর ভবন তৈরির প্রবণতা হ্রাস করাসহ ৭৮টি সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব করেছেন সরকারি কর্মকর্তারা। আজ মঙ্গলবার শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলন সামনে রেখে এসব প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করা হবে তিন দিনব্যাপী এই সম্মেলন। সিলেটের কমিশনার তাঁর প্রস্তাবে বলেছেন, জরিপ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। কিন্তু জরিপ বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করায় এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তিনি এসব অভিযোগ জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে তদন্ত করার প্রস্তাব করেছেন। পাশাপাশি খাসজমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চিত্র তুলে ধরে তা রোধ করার জন্য খাসজমি সংরক্ষণ আইন পৃথকভাবে করার প্রস্তাব করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার। মন্ত্রিপরিষদ ও জেলা প্রশাসন সূত্রমতে, রংপুর বিভাগের কমিশনার ও শেরপুরের জেলা প্রশাসক তাঁদের প্রস্তাবে বলেছেন, মাঠপর্যায়ে ভূমি জরিপ, ভূমি নিবন্ধন ও ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম তিনটি ভিন্ন ভিন্ন বিভাগ সম্পন্ন করে। তিনটি বিভাগের ভিন্ন ভিন্ন নীতির মধ্যে সমন্বয় না থাকায় মাঠপর্যায়ে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। ফলে বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলার উদ্ভব হচ্ছে এবং মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এ জন্য এ তিনটি বিভাগকে একই মন্ত্রণালয়ের ও একই কর্তৃপক্ষের অধীনে আনার প্রস্তাব করেছেন তাঁরা।মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ভূমি ব্যবস্থাপনা নিয়ে সমস্যা থাকার বিষয়টি স্বীকার করে গতকাল সোমবার বলেছেন, ‘ভূমির সনাতনি ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এ জন্য সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। গত এক বছরে অনেক উন্নতিও হয়েছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে।’চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রস্তাবে বলা হয়, রেকর্ড কক্ষে সংরক্ষিত পুরোনো রেকর্ডপত্র দীর্ঘদিন ব্যবহারের কারণে টেম্পার নষ্ট হয়ে যাওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। এ জন্য যাবতীয় রেকর্ডপত্র ডিজিটাইজেশনের পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।রাজশাহী ও সিলেটের কমিশনার এবং বরিশাল ও নোয়াখালীর জেলা প্রশাসকের প্রস্তাবে বলা হয়, বর্তমানে কৃষিজমিতে যত্রতত্র বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। তাই কৃষিজমি রক্ষার্থে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা করে কার্যক্রম গ্রহণ করা দরকার। সিলেটের বিভাগীয় কমিশনার আরেকটি প্রস্তাবে বলেন, জেলায় এসএ জরিপের পর আর কোনো জরিপ হয়নি। কিন্তু এসএ রেকর্ডে বিল হিসেবে উল্লিখিত হলেও অনেক বিল, হাওর এবং নদীশ্রেণীর ভূমি প্রকৃতিগত কারণে পতিত অথবা কৃষিজমিতে রূপান্তরিত হয়েছে। চলমান জরিপে ওই সব ভূমি কৃষিজমি হিসেবে রেকর্ড হয়েছে। কিন্তু রেকর্ডের চূড়ান্ত প্রকাশ না হওয়ায় এসব জমি স্থানীয় প্রভাবশালীদের অপদখলে চলে যাচ্ছে। ঢাকার জেলা প্রশাসক অর্পিত সম্পত্তি ইজারার অর্থ তিন থেকে চার গুণ বৃদ্ধির প্রস্তাব করেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসকের এক প্রস্তাবে বলা হয়, ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী, পরিবারপ্রতি সর্বোচ্চ ৬০ বিঘা পর্যন্ত কৃষিজমি অর্জনের বিধান রাখা হয়েছে। কিন্তু অকৃষিজমি অর্জনের বিষয়ে কোনো সীমা রাখা হয়নি।