রাজধানীর গুলশানের কড়াইলে সরকারের ৪০৪ কাঠা (২৮ বিঘা) জমি বেহাত হওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে গৃহীত ব্যবস্থা সম্পর্কে এক মাসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে বলা হয়েছে।সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। গত ৩ আগস্ট চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। একই বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ চিঠি দেয়।জানা যায়, ঢাকা জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তরের হিসাব অনুযায়ী কড়াইল মৌজার সব জমি ১৯৫৭-৫৮ সালে সরকারের ডাক বিভাগের অনুকূলে অধিগ্রহণ করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর এই মৌজার ৫০১, ৫০২ ও ৫০৩ দাগের ৪০৪ কাঠা জমি পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২৯৪ কোটি টাকায় জনৈক নাজমা বেগমের কাছ থেকে কেনে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জাল দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়েছে।