ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কুতুব উদ্দিন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে দুদক। ছবি: প্রথম আলো
ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে দুদক। ছবি: প্রথম আলো

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।

রোববার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে দুদক। রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমের নেতৃত্বে একটি দল। রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন মির্জা জাহিদুল আলম।

পরে কুতুব উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে দুদকের পক্ষ থেকে কারাগারে রাখার আবেদন করা হয়। অন্যদিকে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈনউদ্দিন সিদ্দিকী জামিনের আবেদন নামঞ্জুর করে কুতুব উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন। এ ছাড়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির বেশ কটি অভিযোগ দুদকে অনুসন্ধান পর্যায়ে রয়েছে।