ভূমি মন্ত্রণালয়ের পাওনা কর ১২০০ কোটি টাকার বেশি
বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে না বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি সংস্থা। উন্নয়ন কর বাবদ ভূমি মন্ত্রণালয় তাদের কাছে পাবে এক হাজার ২১৫ কোটি ৩০ লাখ টাকা। জানা গেছে, শুধু ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের কাছে ভূমি মন্ত্রণালয়ের পাওনা রয়েছে এক হাজার ১৩ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৫৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের বকেয়া রয়েছে ২০১ কোটি ৭২ লাখ টাকা।মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমি আইন অনুযায়ী সব সরকারি দপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দখলি সম্পত্তির জন্য নিয়মিত কর পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মন্ত্রণালয়সহ অন্যরা নিয়মিত কর পরিশোধ করছে না। একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও তেমন সাড়া মেলেনি। কেউ কেউ নামমাত্র কর পরিশোধ করলেও অধিকাংশ মন্ত্রণালয়ই এ ব্যাপারে উদাসীন থেকেছে। এতে একদিকে ভূমি মন্ত্রণালয়ের আয় কমে যাচ্ছে, অন্যদিকে কর আদায় করতে না পারায় তাদের জবাবদিহি করতে হচ্ছে।সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয় এ অবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগে ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। অন্যদিকে ভূমিসচিব মোখলেসুর রহমান সম্প্রতি ভূমি উন্নয়ন কর আদায়ের বিষয়ে প্রতিবেদন চেয়ে দেশের সব জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছেন।মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বেসরকারি সংস্থার কর পরিশোধের হার ২৪ দশমিক ৪০ শতাংশ হলেও সরকারি সংস্থার ক্ষেত্রে তা মাত্র দশমিক ৩৮ শতাংশ। নানা পদক্ষেপ নিয়েও আদায় সন্তোষজনক পর্যায়ে উঠছে না।এ বিষয়ে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, উদাসীনতার কারণে বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে না বিভিন্ন মন্ত্রণালয়। বেশ কয়েকবার এই কর পরিশোধ করতে ভূমি মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়গুলো থেকে তারা সাড়া পাননি এবং এ কথা মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে ভূমিসচিব উল্লেখ করেছেন, কোনো কোনো জেলা লক্ষ্যমাত্রার তুলনায় এই কর আদায়ে অনেক পিছিয়ে আছে। এতে সচিব বিষয়টি সমাধানে জেলা প্রশাসকদের ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া সব মন্ত্রণালয়ের ভূমি উন্নয়ন কর বাকি রয়েছে। করখেলাপি মন্ত্রণালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তাদের বকেয়া ৫০১ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৯০২ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। তাদের বকেয়া ৩৩৯ কোটি ১৯ লাখ ২৪ হাজার ৯৬১ টাকা। বাকি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের বকেয়া কয়েক হাজার থেকে শুরু করে ৩০ কোটি টাকা পর্যন্ত।