ভূমি মালিকদের নিয়ে জুরাইনে গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের কষ্ট লাঘব করতে আজ বুধবার রাজধানীর জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ‘ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পিং ও গণশুনানি’। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কোতোয়ালি সার্কেল এই ক্যাম্প ও শুনানির আয়োজক।

গণশুনানিতে ভূমি মালিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ভূমি দপ্তরকে কেন্দ্র করে একটি দালাল চক্র গড়ে উঠেছে। তাদের ধোঁকায় পড়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন ভূমি মালিকেরা। এ সব প্রতারণা থেকে ভূমি মালিকদের রক্ষায় সরাসরি মাঠ পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘দেশের মানুষের মধ্যে ৯০ ভাগ দ্বন্দ্ব হয় জমি নিয়ে। তাই সততার সঙ্গে কেউ ভূমি অফিসে গেলে আন্তরিকভাবে সহযোগিতা করা হবে। কারণ, আমরা মানুষের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত কর্মচারী। তাই সেবা করতে আপনাদের কাছে এসেছি। এভাবে প্রতিটি এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে। এ ছাড়া ঢাকা শহরের ১১টি সার্কেল ও ২৬টি তহসিল রূপান্তরিত করে যথাক্রমে ২৮টি এবং ৪৭টি করার কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।’

তোফাজ্জল হোসেন মিয়া আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী দুই মাসের মধ্যে জমি জটিলতা সমাধান করার নির্দেশ আছে। কিন্তু আমরা সর্বোচ্চ ২০ দিনের মধ্যে তা করার চেষ্টা করছি। এখন মাঠ পর্যায়ে মানুষের কথা শোনে আরও অল্প সময়ে তা সমাধানের চেষ্টা চলছে। যেন একবারের বেশি ভূমি অফিসে কাউকে যেতে না হয়।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নূর হোসেন ও ৫২, ৫৩ ও ৫৪ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর খালেদা আলম এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকন মো. নুরুল হক বক্তব্য দেন। এ সময় ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।