পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, ভূমি সমস্যার সমাধান ছাড়া পার্বত্য চুক্তির প্রায় সব বিষয় বাস্তবায়িত হয়েছে।পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তিকে সামনে রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ দাবি করেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে হানাহানি ও রক্তপাত চলছে, সেটা পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে হচ্ছে, তা নয়। চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারের কারণেই সেখানে রক্তপাত চলছে।প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ থেকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের যে সংশোধনী দেওয়া হয়েছে, তার মধ্যে ২১টি উভয় পক্ষের সম্মতিতে চূড়ান্ত হয়েছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে তা পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন।পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ গঠন, ভারত থেকে প্রত্যাবর্তন করা ১২ হাজার ২২২টি শরণার্থী পরিবারকে পুনর্বাসন, এক হাজার ৯২৬ জন জনসংহতি তথা শান্তি বাহিনীর সদস্যকে পুনর্বাসন, যাঁরা চাকরিতে ছিলেন তাঁদের পুনর্বহাল করা, শান্তিবাহিনীর সঙ্গে যাঁদের মামলায় জড়ানো হয়েছিল, তাঁদের অধিকাংশের মামলা প্রত্যাহার, শান্তিবাহিনীর যাঁরা চাকরিতে যেতে চেয়েছেন তাঁদের নিয়োগদান—এগুলো পার্বত্য চুক্তি বাস্তবায়নের সাফল্য বলে উল্লেখ করেন দীপংকর তালুকদার। চুক্তি বাস্তবায়িত যদি হয়েই থাকে, তবে তা নিয়ে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা হতাশা ব্যক্ত করছেন কেন—এমন প্রশ্নের জবাবে দীপংকর তালুকদার বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। হতাশাগ্রস্ত মানুষ কাউকে আলোর পথ দেখাতে পারে না।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শামীমা রশিদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সদস্য রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বরকল উপজেলা চেয়ারম্যান সন্তোষ চাকমা প্রমুখ।