ভূমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি
সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে ছিন্নমূল বস্তিবাসীদের মধ্যে ভূমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি মো. রোকন উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জঙ্গল ছলিমপুরে ২৪ হাজার ছিন্নমূল পরিবারের বসবাস। বাসিন্দাদের মধ্যে ভূমি স্থায়ী বন্দোবস্ত দিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতিবেদন চেয়ে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়। মতামতের জন্য সেই চিঠিটি উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। কিন্তু সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এক বছর সেই চিঠি আটকে রেখেছে। ফলে ২৪ হাজার পরিবারের অনিশ্চয়তা কাটছে না।
এ ব্যাপারে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত কোনো চিঠি আমি পাইনি। যদি এ রকম কোনো চিঠি আসত, তবে বাসিন্দারা আমার সঙ্গে যোগাযোগ করতেন। তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেননি।’
সংবাদ সম্মেলনে বলা হয়, একটি বহিরাগত চক্র জঙ্গল ছলিমপুর এলাকায় হামলা চালাচ্ছে। হামলাকারীরা ছিন্নমূল মানুষের ঘরবাড়ি দখলের জন্য চাঁদাবাজি ও ভাঙচুর ছাড়াও সাধারণ মানুষকে মারধর করে আতঙ্ক সৃষ্টি করছে। হামলাকারীরা উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ছিন্নমূল মানুষদের হয়রানি করছে।
সংবাদ সম্মেলনের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠনটি।