ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে কয়েক সেকেন্ডের জন্য দুই দফায় এ ভূমিকম্প অনুভূত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): বিকেল ৪টা ৩৭ মিনিটে উপজেলার রায়গঞ্জ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। পৌরসভার ধানগড়া এলাকার প্রবীণ নূরভানু বেগম বলেন, ‘বিছানায় শুয়ে বিশ্রাম করছিলাম। হঠাৎ সবকিছু কাঁপতে থাকে। পরে বুঝতে পারি ভূমিকম্প হচ্ছে।’ গৃহবধূ শিউলি ইয়াসমিন বলেন, ‘গত মঙ্গলবার সকালেও ভূমিকম্প টের পেয়েছি।’ এভাবেই হয়তো বড় ধরনের কোনো
ভূমিকম্প হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে উপজেলার কোনো এলাকা থেকে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুপচাঁচিয়া (বগুড়া): বিকেল ৪টা ৩৬ মিনিটে এখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমে কয়েক সেকেন্ডের মৃদু ভূমিকম্পের পর আবারও ভূমিকম্প অনুভূত হয়। এবার একটু জোরে ভূমিকম্পন শুরু হলে লোকজন ভয়ে বাড়িঘর ও দোকানপাট ছেড়ে খোলা রাস্তায় নেমে আসে।
দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী বলেন, সবেমাত্র স্কুল ছুটি হয়েছে। তখনই ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হইচই, ছোটাছুটি শুরু করলে শিক্ষকেরা তাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সাহায্য করেন।
উপজেলা সদরের তেমাথার ওষুধ ব্যবসায়ী ইব্রাহিম আলী বলেন, নামাজের জন্য দোকান থেকে বের হতেই ভূমিকম্প শুরু হয়। লোকজন ভয়ে দোকান থেকে বের হয়ে ছোটাছুটি শুরু করেন।
শেরপুর (বগুড়া): বিকেল ৪টা ৩৪ মিনিটে এখানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল সাত-আট সেকেন্ড। ভূমিকম্প টের পেয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একাধিক বহুতল ভবনের ব্যবসায়ী ও ক্রেতারা দ্রুত রাস্তায় নেমে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, ভূমিকম্পে শেরপুরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।