ভূমিকম্প নিরীক্ষণ যন্ত্র অচল সাত বছর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প নিরীক্ষণ যন্ত্রটি (সিসমোগ্রাফ) সাত বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। উদ্বোধনের পরের দিনই যন্ত্রটি অচল হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. মনিবুর রহমান গত শনিবার প্রথম আলোকে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল, স্থায়িত্ব ও মাত্রা ভূকম্পনের পর নির্ণয় করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প নিরীক্ষণ যন্ত্র স্থাপন করা হলেও তা সচল না থাকায় এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে ২০০৮ সালের ২৭ মে ভূমিকম্প নির্ণয় ও পরিমাপক যন্ত্রটি স্থাপন করা হয়। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্ট-ডোহারটি আর্থ অবজারভেটরি প্রজেক্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মধ্যে স্বাক্ষরিত ভূমিকম্পবিষয়ক যৌথ গবেষণা প্রকল্পের অধীনে যন্ত্রটি স্থাপন করা হয়। এটি উদ্বোধন করেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূতত্ত্ববিদ ওউন ইওন কিন। যন্ত্রটি স্থাপনের সময় পরীক্ষা করে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে একটি কম্পিউটার আনা হয়। কিন্তু পরদিনই কম্পিউটারটি আবার ল্যাবে ফিরিয়ে নেওয়া হয়। এতে যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে অচল অবস্থায় পড়ে থাকে।
ভূমিকম্প নির্ণয় ও পরিমাপক যন্ত্রটি স্থাপনে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছিল। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে যন্ত্রটি সচল করার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভূগর্ভস্থ পানিনিরোধী চেম্বার নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়। বরাদ্দ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ভূগর্ভস্থ পানিনিরোধী চেম্বার নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
তা ছাড়া যন্ত্রটির জন্য যুক্তরাজ্য থেকে উচ্চক্ষমতার সংযোগ কেব্ল আনাসহ কম্পিউটারেরও ব্যবস্থা করা হয়েছিল। তার পরও যন্ত্রটি সচল করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে এসে যন্ত্রটি সচল করার চেষ্টা করেন। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে তখন এটি সচল করা সম্ভব হয়নি।
ভূমিকম্প নিরীক্ষণ যন্ত্রটির পরিচালনার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন এ যন্ত্র ভূমিকম্পের কেন্দ্রস্থল, মাত্রাসহ অনেক দিনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করার মাধ্যমে ভূমিকম্পের প্রবণতা সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম। কিন্তু যন্ত্রটি উদ্বোধনের পর বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় এটি সচল করা সম্ভব হয়নি। বর্তমানে যন্ত্রটির সেন্সর বিকল হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।