ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমিকম্প প্রতিরোধ ও পানিস্বল্পতা মোকাবিলায় বাড়তি বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রকৌশল ও প্রযুক্তিগত দিকে দিয়ে এ ব্যবস্থা নেওয়া কোনো সমস্যা নয়। তবে এ জন্য প্রকল্পের ব্যয় বাড়বে।
প্রথম আলোকে এসব কথা বলেছেন রূপপুরের প্রকল্প এলাকায় সমীক্ষা পরিচালনাকারী রুশ বিশেষজ্ঞ দলের কয়েকজন সদস্য। গত ১১ ডিসেম্বর প্রকল্প এলাকায় তাঁরা প্রথম আলোর সঙ্গে কথা বলেন। গত বছরের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ওই সমীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। প্রকল্প এলাকার আবহাওয়া, ভূতাত্ত্বিক অবস্থা, পানি পরিস্থিতি, ভূমিকম্প ও মাটির বিভিন্ন ধরনের অনুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা এই সমীক্ষার অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা বলেন, সমীক্ষার প্রথম পর্যায় শেষ হয়েছে। এর প্রতিবেদনও তৈরি করা হয়েছে। শিগগিরই বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে তা উপস্থাপন করা হবে। কমিশন দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার জন্য তাঁদের অনুমোদনও দিয়েছে। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব তৈরি করা হবে।
সমীক্ষা পরিচালনাকারী রুশ বিশেষজ্ঞ দলের অন্যতম সদস্য সাবির ইসমাইলভ। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কমিশন ‘রসঅ্যাটম’-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘অ্যাটমেনারগোপ্রোকেট’-এর ইঞ্জিনিয়ারিং সার্ভে বিভাগের প্রধান প্রকৌশলী। প্রকল্প এলাকার ভূতাত্ত্বিক অবস্থা ও ভূমিকম্প-প্রবণতা সম্পর্কে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্প এলাকাকে কেন্দ্র করে ১০০ বর্গকিলোমিটারজুড়ে তাঁরা ভূমিকম্পের তথ্য সংগ্রহ করছেন। এ জন্য তাঁরা যন্ত্র (সিসমোগ্রাফ) বসিয়েছেন ১৩টি।
সাবির বলেন, প্রথমে তাঁরা সাতটি যন্ত্র বসাবেন বলে ঠিক করেছিলেন। পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কারণ, এ-সংক্রান্ত আগের যেসব তথ্য তাঁদের হাতে আছে, তা এলাকার ভূমিকম্প-প্রবণতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের জন্য যথেষ্ট নয়। তা ছাড়া প্রকল্প এলাকার মাটি তাঁদের পূর্বধারণার চেয়ে বেশি নরম। কারণ, সেখানে একসময় বহতা নদী ছিল।
প্রকল্পের জন্য প্রয়োজনীয় পানির প্রাপ্যতা সম্পর্কে সাবির বলেন, এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। তবে পানির প্রাপ্যতা কম হলে ‘স্টোরেজ’ করা যাবে। প্রকল্পের জন্য যে জায়গা পাওয়া যাচ্ছে, তা যথেষ্ট বলে তিনি মন্তব্য করেন।
প্রথম পর্যায়ের সমীক্ষায় যেসব তথ্য পাওয়া গেছে তাতে প্রকল্প বাস্তবায়নে কোনো সংশয় আছে কি না—জানতে চাইলে সাবির বলেন, কোনো সংশয় নেই। তাঁরা যেকোনো পরিবেশেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করতে সক্ষম। শুধু দরকার হচ্ছে ওই পরিবেশ সম্পর্কে বিস্তারিতভাবে জানা। আর পরিবেশ অনুকূল না হলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়।
স্থানীয় মানুষের সমন্বয়ে ‘পিপলস কাউন্সিল’ গঠন করা, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি জানানো, তাদের মতামত নেওয়া, প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ যাতে জানতে পারে, সে জন্য তথ্যকেন্দ্র স্থাপন প্রভৃতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মাইলস্টোন অ্যাপ্রোচের অপরিহার্য অংশ। কিন্তু প্রকল্প এলাকা রূপপুর কিংবা ঈশ্বরদীতেও এর কিছুই করা হয়নি। তবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেছেন, শিগগিরই ঈশ্বরদীতে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।
ঢাকায় বঙ্গবন্ধু নভোথিয়েটারে যে তথ্যকেন্দ্রটি স্থাপন করার হয়েছে, সেখানে সাধারণভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেখানো হয়। রূপপুর প্রকল্প সম্পর্কে কোনো তথ্য জানানোর ব্যবস্থা সেখানে নেই। তা ছাড়া পরমাণু শক্তি কমিশনের ওয়েবসাইটেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সমম্পর্কে হালনাগাদ কোনো তথ্য নেই। অথচ আইএইএর নির্দেশনা অনুযায়ী এগুলো করার কথা প্রকল্প এলাকায় কোনো কাজ শুরু করার আগে। সরকার তথা রূপপুর প্রকল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব সময় আইএইএর নির্দেশনা অনুসরণ করার কথা বললেও এগুলোর কিছুই তারা করেনি।