ভূমিকম্প মোকাবিলায় জোর দিতে হবে: জামিলুর রেজা
প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। কিন্তু উচ্চ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হতে পারে তা মোকাবিলায় এখনো তেমন অগ্রগতি হয়নি। বাংলাদেশে রিখটার স্কেলে সাত বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে শহরাঞ্চলে বহু হতাহত এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। তাই এখন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্মারক বক্তৃতায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতাটির আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে মারা যান তিনি। এর পরের বছর থেকে তাঁর নামে এই স্মারক বক্তৃতা হয়ে আসছে।
‘দুর্যোগ সহনশীল জাতি হওয়ার পথে: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক স্মারক বক্তৃতায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সাত মাত্রার ভূমিকম্প হলে এ দেশে বড় ধরনের ধ্বংসযজ্ঞ হবে। এতে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হতে পারে। বাংলাদেশকে একটি দুর্যোগ প্রতিরোধকারী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
এই শিক্ষাবিদ বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত, ভূমিধস, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, আর্সেনিক দূষণ, মাটির লবণাক্ততা, খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। এর ফলে বিগত বছরগুলোতে মানুষ ও প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি তাৎপর্যপূর্ণভাবে কমেছে। এর প্রধান কারণ বহুমুখী ব্যবহার্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, আধুনিক আবহাওয়া পূর্বাভাস প্রদান ও সতর্কীকরণ ব্যবস্থা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক ব্যবস্থা। এগুলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মানুষ-গবাদি পশুর প্রাণহানি রোধে বেশ ভালো ভূমিকা রাখছে।
এ সময় ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান একরাম আহমেদ, আহ্বায়ক সাব্বির আহমেদ এবং ইশতিয়াক আহমেদের মেয়ে তাসনীম রাইনা ফাতেহ প্রমুখ উপস্থিত ছিলেন।