ভূমিকম্প মোকাবিলায় নির্মাণ বিধিমালা মেনে চলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরে বড় মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে এক লাখ ৪০ হাজার ভবন খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্তত রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে এক লাখ ৮৬ পরিবারের নয় লাখ মানুষ চরম বিপাকে পড়বে। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৯০টি ওয়ার্ডের বেশির ভাগেরই ক্ষয়ক্ষতির চিত্র হবে প্রায় একই রকম। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইনগুলো বিকল হয়ে যাবে।গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর্থকোয়েক সোসাইটির প্রথম বার্ষিক কারিগরি সভায় এই তথ্য তুলে ধরা হয়। সোসাইটির ‘জরুরি সময়ে সাড়া প্রদানকারী পরিকল্পনা’ বিষয়ে আলোকপাত করতে গিয়ে এই ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়। সভায় বলা হয়, সোসাইটির প্রাথমিক জরিপে এই চিত্র উঠে এসেছে। বাস্তবে এ ধরনের ভূমিকম্প হলে তা হয়তো আরও ভয়াবহ হবে। এই চিত্রের বাস্তব অবস্থা তুলে ধরে সভায় সভাপতি ও সোসাইটির প্রধান জামিলুর রেজা চৌধুরী বলেন, ৭.৫ মাত্রার ভূমিকম্পে ঢাকায় কমপক্ষে ৭০ হাজার লোক মারা যাবে। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকলেও বেশির ভাগ ভবন নির্মাণকারী জাতীয় নির্মাণ বিধিমালা বা ন্যাশনাল বিল্ডিং কোড মানছে না। এ বিষয়ে জোরালো ভূমিকা পালনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সভায় প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, শুধু ঢাকা নয়, সারা দেশের বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার। বিষয়টি নিরূপণের জন্য রাজউকের মতো সারা দেশে কর্তৃপক্ষ সৃষ্টি করা হবে।সোসাইটির খসড়া জরিপে বড় ভূমিকম্প হলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করা হয়। সভায় শুধু ডিসিসির ৩২ নম্বর ওয়ার্ড এলাকার বর্ণনা দিতে গিয়ে বলা হয়, এখানে এ ধরনের ভূমিকম্প হলে ৩৮০টি ভবন সম্পূর্ণ, ২২৯টি ভবন প্রায় সম্পূর্ণ এবং ৪০৬টি ভবন মাঝারি ধরনের ক্ষতির মুখে পড়বে। রাজধানীর ৫৫ হাজার বৈদ্যুতিক খুঁটির ১৬ হাজার বিকল হয়ে পড়বে। ৮৩৪ কিলোমিটার গ্যাস লাইনের মধ্যে ১৯১ মিটার ভেঙে পড়বে। এক হাজার ১১৮ কিলোমিটার পানির লাইনের ২৭২ কিলোমিটার এবং ৬৩০ কিলোমিটার বর্জ্য পানির লাইনের ৩৬০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হবে।সভায় ‘জরুরি সময়ে সাড়া প্রদানকারী পরিকল্পনা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল। ২০১০ সালে হাইতিতে সংঘটিত ভূমিকম্প এলাকাগুলোর ওপর সরেজমিনে পর্যালোচনাপত্র তুলে ধরেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্থপতি হাসিবুল কবির। বুয়েটের শিক্ষক মেহেদী আহমেদ আনসারিসহ মোট আটজন সভায় প্রবন্ধ উপস্থাপন করেন।