ভূমিকম্প-সহনশীল করতে বর্গফুটে খরচ মাত্র ২৫ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের সময় ভূমিকম্প-সহনশীল করতে প্রতি বর্গফুটে খরচ হবে মাত্র ২৫ থেকে ৩০ টাকা। আর ভবন নির্মাণের পর সেটি করলে প্রতি বর্গফুটে খরচ হবে কমপক্ষে ৬০০ টাকা। তাই ঝুঁকি এড়াতে ও খরচ কমাতে ভবন তৈরির সময়ই সহনশীল করেই নির্মাণ করা উচিত।

আজ শনিবার ডেইলি স্টার ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজিত ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ইমারত নির্মাণকারী প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) লিমিটেডের সহযোগিতায় ওই বৈঠকে বক্তারা বলেন, যেসব ভবন ভূমিকম্প-সহনশীল করে তৈরি করা হয়নি, সেগুলো রেট্রোফেকটিভ বা কিছুটা ভূমিকম্প-সহনশীল করার পরামর্শ দেন।

বৈঠকে সঞ্চালকের বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এত দিন আমাদের মনে হতো বাংলাদেশ অঞ্চলে বড় ভূমিকম্পের আশঙ্কা কম। কিন্তু যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ভেতর দিয়ে একটি বড় ধরনের ভূগর্ভস্থ ফাটল চলে গেছে। এই তথ্য সঠিক হলে এখানেও বড় ভূমিকম্পের আশঙ্কা আছে। পেশাদার প্রকৌশলী ও স্থপতিদের দিয়ে ভবন নির্মাণ করলে এবং ইমারত নির্মাণ বিধিমালা মানলে, মাঝারি ভূমিকম্পেও তেমন ক্ষতি হবে না। কিন্তু এর অন্যথা হলেই ঝুঁকি বাড়বে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদি হাসান আনসারী তাঁদের সাম্প্রতিক এক গবেষণার ফলাফল উল্লেখ করে বলেন, রাজধানী ঢাকায় চার লাখ আবাসিক ভবন ও সাড়ে তিন হাজার কারখানা ভবন আছে। এর মধ্যে এক হাজার কারখানা ভবন এবং ২৫ শতাংশ আবাসিক ভবনের নির্মাণে ত্রুটি পাওয়া গেছে। একটি ভবনকে ভূমিকম্প-সহনশীলভাবে নির্মাণ করতে প্রতি বর্গমিটারে ২৫ থেকে ৩০ টাকা খরচ হয়—এই তথ্য উল্লেখ করে অধ্যাপক আনসারী বলেন, আর ভবন নির্মাণের পর যদি তা ভূমিকম্প-সহনশীল করতে হয়, তাহলে প্রতি বর্গফুটে ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হবে।

বৈঠকে ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘কোন ভবনকে কীভাবে ভূমিকম্প-সহনশীল হিসেবে তৈরি করতে হবে, তার একটি গাইডলাইন থাকা দরকার। কোন ভবন ভূমিকম্প-সহনশীল করতে কত টাকা খরচ হবে, সেই তথ্য সবার সামনে তুলে ধরলে তা নাগরিকদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’

বৈঠকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘পুরোনো ভবনগুলোকে কীভাবে কম খরচে ভূমিকম্প-সহনশীল করা যায়, সেই চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে আমাদের গবেষণা বাড়াতে হবে এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি আবু সাঈদ মুস্তাক আহমেদ বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রতি মাসে সাড়ে চার হাজার ভবনের নকশার অনুমোদন দেয়। এর মধ্যে বড় জোর এক হাজার ভবন পেশাদার স্থপতিদের দিয়ে নকশা করা। বাকিগুলোর নকশা অনুমোদনে যেসব স্থপতিদের নামের সিল ব্যবহার করা হয় তা আসলে ভুয়া। এই দুর্নীতি বন্ধ না করতে পারলে ভবনগুলো ত্রুটিমুক্ত হবে না।’

‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি দুর্যোগ-পরবর্তী উদ্ধার এবং ঝুঁকি কমানোর বিষয়ে সচেতনতা বাড়ানো উচিত।’

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে প্রকৌশলী ইফতেখার আনাম বলেন, একটি ভবনের সবচেয়ে শক্ত অংশ হওয়া উচিত এর নিচের তলা। কিন্তু বাংলাদেশের বেশির ভাগ ভবনের নিচের তলাটি কয়েকটি পিলার দিয়ে তৈরি। এর চারপাশে কোনো দেয়ালও রাখা হয় না। এ ধরনের ভবন ভূমিকম্পের সময় মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ। তাই ভবনের নিচের তলাকে ভূমিকম্পে বেশি সহনশীল করতে হবে।

বৈঠকে বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা বক্তব্য দেন।