ভূমিকম্প: আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে
দেশের অধিকাংশ এলাকায় গতকাল রোববার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে ১০০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের উৎ পত্তিস্থলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত হয়।অনেক জায়গায় আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ভূমিকম্পে বগুড়া শহরের শেরপুর সড়কে ছয়তলা তৌহিদ প্লাজা সামান্য হেলে পড়ে। ফাটল দেখা দিয়েছে সিলেট রেলওয়ে স্টেশনের মূল ভবনের দেয়ালে। পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় এরশাদ হোসেন নামের এক আইনজীবীর বাড়ির দেয়াল ভেঙে পড়ে। এ ছাড়া ময়মনসিংহ শহরের জেসি গুহ রোডের এক গৃহিণী সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পড়ে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামে ২০টি কাঁচাঘর ধসে গেছে।কুড়িগ্রামে নারী ও শিশুরা ভয়ে চিৎ কার করে ঘর থকে বেরিয়ে আসে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে রোগীর স্বজনেরা ভবন থেকে নিচে নেমে পড়লেও রোগীরা আটকা পড়ে। এ সময় অনেক রোগী ভয়ে কেঁদে ফেলে।পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও আশপাশের এলাকায় প্রচণ্ড ভূকম্পন অনুভূত হয়। ভীতসন্ত্রস্ত লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। নাটোরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিশোরগঞ্জ শহরের আবাসিক এলাকায় বিভিন্ন ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। কোথাও কোথাও চিৎ কার ও শোরগোল শোনা যায়। সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্বাসউদ্দিন জানান, ভূমিকম্পের সময় তিনি নগরের উচ্চতম বিপণিবিতান আল হামরায় অবস্থান করছিলেন। কম্পন অনুভূত হওয়ার পরপরই ১৩ তলা ওই ভবনের লোকজন হুড়োহুড়ি করে নিচে নেমে নিরাপদে আশ্রয় নেয়।চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম জানান, গোটা জেলাতেই কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফরিদপুরে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ১১ তলা ভবন সামসুদ্দীন টাওয়ার থেকে লোকজনকে দ্রুত নিচে নেমে আসতে দেখা দেয়।কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আকমল আলী বলেন, ‘ভয় হচ্ছে, যদি আবার হয়। ঘরে যেতে ভয় পাচ্ছি।’রাজশাহীতে মানুষ টেলিফোন ও মুঠোফোনে তাঁদের প্রিয়জনের খোঁজখবর নিতে থাকেন। ময়মনসিংহে ভয়ে সিঁড়ি বেয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন শহরের জেসি গুহ রোডের মঞ্জুরুল হকের স্ত্রী দেলোয়ারা খাতুন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।