ভূমিকম্পে কমলগঞ্জে মাঠ ও বাড়িঘরে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জে কুমড়া কাপন গ্রামে ভূমিকম্পে ফসলি জমি ফেটে পানি ও বালি বের হয়েছে। ছবি: মজিবুর রহমান
কমলগঞ্জে কুমড়া কাপন গ্রামে ভূমিকম্পে ফসলি জমি ফেটে পানি ও বালি বের হয়েছে। ছবি: মজিবুর রহমান

ভূমিকম্পে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফুটবল খেলার মাঠসহ অর্ধশতাধিক স্থানের জমি ফেটে পানি ও বালি বের হচ্ছে। এ ছাড়া কমলগঞ্জ পৌরভবন, উপজেলা প্রশাসন চত্বরে জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামসহ দেড় শতাধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটে প্রথম দফায় মাটি কাঁপতে থাকে। এ সময় ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী বড় ধরনের একটি ঝাঁকুনি দেয়। ভয়ে লোকজন ভবন থেকে বাইরে বেরিয়ে আসে। ঘটনার পর কমলগঞ্জ উপজেলা সদর, কমলগঞ্জ পৌরসভা, শমশেরনগর ইউনিয়ন, আদমপুর, আলী নগর ইউনিয়ন ঘুরে দেখা যায়, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠ, রামপাশা গ্রামের ধানের জমি, কমলগঞ্জ ভূমি অফিস–সংলগ্ন জমি, আদমপুরের হেরেঙ্গা বাজার, ঘোড়ামারা গ্রামসহ অর্ধশতাধিক স্থানে জমি ফেটে পানি ও বালি বের হয়েছে। একেকটি স্থানের ফাটল ১০ থেকে ৫০ ফুট পর্যন্ত দীর্ঘ।

ভূমিকম্পে কমলগঞ্জ পৌরসভা ভবন ও জেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট নবনির্মিত অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবনের অসংখ্য স্থানেও ফাটল সৃষ্টি হয়েছে। অডিটোরিয়ামের সামনের দিকের উপরিভাগের দেয়ালের ইট খসে পড়েছে। পূর্ব দিকের বারান্দা প্রায় দেড় ফুট দেবে গেছে। ভবনের ভেতরের উপরিভাগের শিলিং খসে পড়েছে। এ ছাড়া উপজেলার নয়টি ইউনিয়নের দেড় শতাধিক ভবনের দেয়াল, ছাদ ও প্রাচীর ফেটে গেছে। অসংখ্য মাটির দেয়াল ভেঙে গেছে।

কমলগঞ্জ অডিটোরিয়ামের বারান্দা দেবে গেছে। ছবি: মজিবুর রহমান
কমলগঞ্জ অডিটোরিয়ামের বারান্দা দেবে গেছে। ছবি: মজিবুর রহমান

দেয়াল ভেঙে ইটের আঘাতে ও বৈদ্যুতিক তারের কারণে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁরা হলেন শমশেরনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মরিয়ম বেগম (৪০), কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার আমিন মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী এবং আদমপুর ইউনিয়নের উত্তর বানুবিল গ্রামের উজ্জ্বল সিংহ (২০)। আহত ব্যক্তিদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, ভূমিকম্পে কমপক্ষে দেড় শতাধিক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ তিনি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বাড়িঘরে ফাটল, জমি ফেটে পানি ও বালি বের হওয়া, পৌরভবন ও অডিটোরিয়ামে ফাটলের সত্যতা নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য উপজেলা প্রশাসন থেকে খতিয়ে দেখা হচ্ছে।