ভূমিকম্পে কাঁপল সারা দেশ, আতঙ্কে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে সুনামগঞ্জে দুজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষিজমি​ ফেটে বালি ও পানি বেরিয়ে এসেছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরার আমবাসা থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থলটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬.১ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়।

আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে তাড়াহুড়া করতে গিয়ে ছাতক উপজেলার শামসুল হকের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে সায়মা আক্তার (১৪) ও জগন্নাথপুর উপজেলার হিরণ মিয়ার (৬০) মৃত্যু হয়েছে। আহত হয় একই উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী নাদিউর রহমান (১৩)।

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন, নিহত সায়মা আক্তারের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরে একটি চারতলা ভবনে থাকেন। আজ দুপুরে ভূমিকম্পের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চারতলার ঘর থেকে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে যায় সায়মা। তাকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন। সায়মা আক্তার ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, নিহত হিরণ মিয়ার বাড়ি উপজেলার পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামে। ভূমিকম্পের সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বের হওয়ার সময় বারান্দার গ্রিলের সঙ্গে হিরণের মাথায় ধাক্কা লাগে। এ সময় তিনি মেঝেতে পড়ে যান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাদীর আহমদ আরও বলেন, ভূমিকম্পের সময় পাটলী মাদ্রাসার দোতলা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হয় ওই মাদ্রাসার ছাত্র নাদিউর রহমান। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ছাড়াও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা, মিয়ানমার ও ভুটানে ভূকম্পন অনুভূত হয়েছে। ওই দেশগুলো থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ত্রিপুরা সরকার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আমবাসা ও কুমারঘাটের লংতরাইতে। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৯ কিলোমিটার দূরে।

ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক শরৎ দাসের বরাত দিয়ে আমাদের আগরতলা (ত্রিপুরা) প্রতিনিধি জানান, ত্রিপুরায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।