ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত ও নিরাপত্তার দাবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন মেরামত এবং জীবনের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের কদমতলী পুল বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা অবরোধ করে রাখেন।
সকাল ১০টায় বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই সড়ক অবরোধ করেন। এ সময় সেখানে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
অভিভাবকেরা বলেন, ২৫ এপ্রিল ভূমিকম্পে বিদ্যালয়ের দোতলা ভবনে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের নয়টি শ্রেণিকক্ষ। পুরো ভবনটির বিম, খুঁটি, দেয়ালে অসংখ্য ফাটল দেখেও শিক্ষকেরা ৮৭৭ জন শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রাখেন। তাঁরা ওই ঝুঁকিপূর্ণ ভবনে সন্তানদের ক্লাস করতে দিতে রাজি নন।