ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক
সাম্প্রতিক দুই দফা ভূমিকম্পে পঞ্চগড়ে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। এ অবস্থায় আতঙ্কের মধ্যে দিন পার করছে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় জোন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী উচ্চবিদ্যালয়, কালীগঞ্জ সুকাতু প্রধান, পশ্চিম শিকারপুর , কালীগঞ্জ এমপি (মাটিয়ারপাড়া), সুন্দরদিঘি, সোনাহার, টেপরীগঞ্জ, টোকরাভাষা তহিরন্নেছা, খোচাবাড়ি, বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলার চাকলাহাট অজিউল্লাহ দাখিল মাদ্রাসা এবং সরকারি মহিলা কলেজ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের কোনোটির ছাদ, কোনোটির মেঝে বা দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় অঞ্চল ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের একটি তালিকা এবং মেরামত ব্যয়ের তথ্যসংবলিত একটি চিঠি ২৫ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায়। এই তালিকার তথ্য সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো মেরামতে ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বোদা উপজেলার বোদা পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, প্রায় ৫০ বছর আগে দ্বিতল এই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঁচটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। এখানে বড় ধরনের মেরামত প্রয়োজন। এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পঞ্চগড় জোনের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক ভূমিকম্পে জেলার ১২ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা এবং সম্ভাব্য মেরামত ব্যয়ের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।