ভূমিকম্পে জলের নাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টা বেজে ১৪ মিনিট! নগরের অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ে চলছিল আইজেন প্রতিযোগিতা। হঠাৎ পুকুরের পানিতে ঢেউয়ের নাচন। মনে হচ্ছিল মুহূর্তে পানি ওপরে উঠে আসবে। পানির এলোমেলো ঘূর্ণি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। তখনো তারা জানত না, সেটা ভূমিকম্পের কারণে ঘটছে।
অনুষ্ঠানের কথা ভুলে গিয়ে শিক্ষার্থীরা ব্যস্ত হয়ে পড়ে পানির শৈল্পিক ছন্দ দেখার জন্য। এ সময় এক শিক্ষক বলে ওঠেন, ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ভয়ে ছোটাছুটি শুরু করে। মঞ্চ থেকে মাইক্রোফোনে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে করতে ভূমিকম্পের রেশ কেটে যায়।
গতকাল শনিবার দুপুর ১২টা ১৪ মিনিট থেকে প্রায় এক মিনিটের ওই ভূকম্পনে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন নগরের বাসিন্দা মুরাদ আহম্মেদ। তিনি জানান, দুপুর ১২টা ১৪ মিনিটের সময় কম্পন অনুভূত হতে থাকে। এ সময় হাসপাতালের ওয়ার্ডের চিকিৎসকেরা দ্রুত বেরিয়ে যান। বেরিয়ে পড়েন দর্শনার্থীরাও। তবে বিছানায় থাকতে হয়েছে সাধারণ রোগীদের। তাঁরা অনেকেই বুঝে উঠতে পারছিলেন না কেন ওই দৌড়ঝাঁপ!
বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, যাঁদের বাড়ির পাশে পুকুর বা নদী আছে, তাঁরা বেশি বুঝতে পেরেছেন ভূমিকম্পের প্রভাব। কারণ, ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে মাটি এবং জলে প্রবল কম্পনের সৃষ্টি হয়।
সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামরী রহমান বলে, ‘ভূমিকম্পের সময় ক্লাস চলছিল। হঠাৎ মাইকে ঘোষণা দেওয়া হয় মাঠে বের হওয়ার জন্য। তখন মাঠে এসে দেখি সবাই মাঠে দাঁড়ানো। ভূমিকম্প হয় শুনেছি, আজ চোখে দেখলাম।’
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘দুপুর ১২টায় প্রভাতি শাখা ছুটি হয়েছে এবং দিবা শাখার শিক্ষার্থীরাও উপস্থিত হয়েছে। জাতীয় সংগীতের প্রস্তুতি হচ্ছিল। এ সময় কম্পন অনুভূত হতে থাকে। পাশে পুকুরের দিকে তাকিয়ে দেখি, পুকুরে স্রোত বইছে। দ্রুত মাইকে সব শিক্ষার্থীকে মাঠে নামিয়ে আনা হয়। শিক্ষার্থীরা শঙ্কিত হলেও কোনো সমস্যা হয়নি।’
কালীবাড়ি সড়কের বাসিন্দা দীপু হাফিজুর রহমান ওই সময় বাসায় ছিলেন। তিনি জানান, হঠাৎ তাঁর মাথা ঘুরতে থাকে। হুট করে শরীর খারাপ লাগার কারণ বুঝতে পারছিলেন না তিনি। এ সময় তাঁর মা এসে বলেন, ‘আমার মাথাটা ব্যথা করছে। তখন টের পেলাম ভবন কাঁপছে।’ পরে আশপাশের সবাইকে নিয়ে তিনি বাড়ির বাইরে চলে আসেন।